চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয়ভাবে যুদ্ধপরাধীদের চিহ্নিত করে তালিকা তৈরির আহবান জানিয়েছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরাম। মুক্তিযুদ্ধের সময় যারা নিহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় রাজাকার, আলবদর ও দালালসহ সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের চিহ্নিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ফোরাম নেতারা।
শনিবার চট্টগ্রামে মুক্তিযোদ্ধা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় ফোরাম নেতারা বলেন, মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পাশাপাশি দালালদের চিহ্নিত করতে ফোরাম ইতিমধ্যে কাজ শুরু করেছে। যুদ্ধপরাধীদের বিচারের জন্য দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এই তালিকা তৈরি করা জরুরি।
রাজনৈতিক দলগুলো এই গণদাবি উপেক্ষা করে যুদ্ধপরাধীদের আশ্রয় দিয়ে যাতে নির্বাচনী বৈতরণী পার হতে না পারে সেজন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ফোরাম নেতারা।
মুসলিম হল ইনস্টিটিউট মিলনায়তনে এই মতবিনিময়ের সময় সেক্টরস কমান্ডারস ফোরামের নেতারা একই সঙ্গে বর্তমান সরকার যাতে যুদ্ধপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করে সেজন্য জনমত গঠনে সকল ভেদাভেদ ভুলে মুক্তিযোদ্ধাদের আবার ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তারা বলেন, ভবিষ্যতে নির্বাচিত রাজনৈতিক সরকার যুদ্ধপরাধীদের বিচারে যাতে তাদের অবস্থান সুস্পষ্ট করে সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে। যুদ্ধপরাধীদের বিচারের বিষয়টি তাদের নির্বাচনী অঙ্গীকারে অর্ন্তভূক্ত করতে সর্বস্তর থেকে চাপ প্রয়োগ করার জন্য আন্দোলন গড়ে তোলা হবে।
সভায় বক্তারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে রাষ্ট্রীয়ভাবে ট্রাইব্যুনাল গঠন করে আন্তার্জাতিক যুদ্ধপরাধী আইনে যুদ্ধপরাধীদের বিচার শুরু করার জন্য আবারও আহবান জানান। তারা বলেন, যুদ্ধপরাধীরা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করছে, তাই এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। তারা এখনও জাতির অস্তিত্ব অস্বীকার করছে সেকারণে রাষ্ট্রের নিরাপত্তা আজ হুমকির সম্মুখীন। এজন্য মুক্তিযোদ্ধাদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক নুরুল আলমের সভাপতিত্বে প্রায় তিন ঘন্টাব্যাপী এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খোন্দকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল কে এম শফিউল্লাহ, মেজর জেনারেল সি আর দত্ত, লেফটেনেন্ট জেনারেল মীর শওকত আলী, কর্নেল আবু ওসমান ও লেফটেনেন্ট জেনারেল হারুনুর রশীদ, প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সার ও এম এ মান্নান।
এছাড়া ফোরামের সমন্বয়ক ডা. সরোয়ার আলী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদুর রহমান, জাসদ নেতা মাঈনুদ্দীন খান বাদলসহ চট্টগ্রামের বিভাগের প্রতিটি জেলার মুক্তিযোদ্ধা ও কমান্ডাররা বক্তব্য রাখেন।
একে খন্দকার বলেন, যেসব রাজনৈতিক দল যুদ্ধপরাধীদের বিচারের বিষয়টি তাদের নির্বাচনী অঙ্গীকারে অর্ন্তভূক্ত করবে না, এ ফোরাম পরিষ্কারভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।
তিনি বলেন, "আমরা এমন কোন শক্তিকে ক্ষমতায় আসতে দিতে পারি না, যারা যুদ্ধপরাধীদের সঙ্গে আতাত করবে- তাদের পক্ষে কাজ করবে।"
এ কে খন্দকার বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান ও প্রধান নির্বাচন কমিশনার যুদ্ধপরাধীদের বিচারে একমত হয়েছেন। তবে তারা উল্লেখ করেছেন, তাদের সময় নেই। তিনি বলেন, ১৫ জন ব্যক্তিকে নিয়ে একটি ট্রাইবুন্যাল গঠন করতে খুব বেশি সময়ের দরকার হয় না।
কে এম শফিউল্লাহ বলেন, যুদ্ধপরাধীরা মাত্রা অতিক্রম করছে। বর্তমান সরকার দোষ প্রমাণিত না হওয়া সত্ত্বেও প্রাক্তন দুই প্রধানমন্ত্রীকে বন্দী করে রাখতে পারেন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, যারা দেশ স্বাধীনের সময় জঘন্য কাজ করছে, সেসব রাষ্ট্রদ্রোহীদের ধরছে না কেন।
সি আর দত্ত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের সকল বিভক্তি দূর করে '৭১ এর মত ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
মীর শওকত আলী মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ধ্বংসযজ্ঞ ও খুন ধর্ষণের কথা উল্লেখ করে বলেন, তাদের নেতা কর্মীরা আদৌ মুসলমান কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। ঈমান থাকলে তারা মুক্তিযুদ্ধের সময় এসব নিষ্ঠুর ও বর্বর কাজ করতে পারত না।
তিনি বলেন, "এরা মানুষ নয়, পশু। এদের বিচার করতেই হবে।"
তিনি বলেন, ইতিপূর্বে বিভিন্ন সরকারের সময় মুক্তিযোদ্ধারা ব্যবহৃত হয়েছে এবার ঐক্যবদ্ধ হয়ে তা রোধ করতে হবে।
তিনি বলেন, "জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুর বিষয়টি স্বীকৃত। এজন্য কোন দাবি দাওয়ার প্রয়োজন নেই।"
হারুনুর রশীদ রাজনৈতিক দলগুলোর প্রতি যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতি অঙ্গীকার ব্যক্ত করার আহবান জানিয়ে বলেন, যুদ্ধপরাধীদের আশ্রয় দিয়ে কোন দল নির্বাচনী বৈতরণী পার হতে পারবে না।
তিনি জানান, ইতিমধ্যে পটুয়াখালীতে যুদ্ধপরাধীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। সেটিকে উদাহরণ হিসাবে নিয়ে সারাদেশে এমন তালিকা তৈরি করতে হবে।
মতবিনিময় সভার শুরুতে বঙ্গবন্ধুর ছবি না টাঙানোয় উপস্থিত মুক্তিযোদ্ধাদের অনেকেই হৈচৈ করেন। পরে ফোরামের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক নুরুল আলম এ জন্য দুঃখ প্রকাশ করেন এবং ছবি টাঙানোর ব্যবস্থা করেন।
সকালে ফোরাম নেতারা চট্টগ্রাম পৌঁছার পর শহীদ মিনারে, পাহাড়তলী বৌদ্ধভূমিতে এবং দক্ষিণ কাট্টলীর নাথ পাড়া বৌদ্ধভূমিতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা ডিসি হিলে গণস্বাক্ষর কার্যক্রমে অংশ নেন। দুপুরে তারা চট্টগ্রামের বিভিন্ন ছাত্র সংগঠন ও পেশাজীবী নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন।
যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে দেশব্যাপী জনমত গঠনের অংশ হিসাবে ফোরাম নেতারা দেশের বিভাগীয় শহরগুলোতে মতবিনিময় করছেন। গত ১৭ জানুয়ারি খুলনায় শুরুর পর চট্টগ্রামে পঞ্চম বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হল। আগামী ২৩ ফেব্র"য়ারি সিলেটের পর ১৫ মার্চ ঢাকায় জাতীয় সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে নেতারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24