যশোর, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত এলাকায় এক হাজার ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
শনিবার বেনাপোল বন্দরে বাংলাদেশের কাছে ১১১ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বাংলাদেশে মানুষের জীবন এবং সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এতে তারা মর্মাহত।
তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কিছু করার তাগিদে ত্রাণ সংগ্রহ শুরু করা হয়েছে। এর একটি চালান আজ (শনিবার) হস্তান্তর করা হল। বাংলাদেশ সরকার অনুমতি দিলে আগামী এপ্রিলের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় এক হাজার ঘর তৈরি করে দেবে পশ্চিমবঙ্গ সরকার।
বেনাপোল পর্যটন কেন্দ্রে সুভাষ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে আমার আরও কিছু সময় থাকতে ইচ্ছে করছে। এই মুহূর্তে আমার মনে পড়েছে মাইকেল মধুসুদনের কথা।"
তিনি বলেন, মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে পৃথিবীতে এমন আর কোন বীরের জাতি নেই। আমার গর্ভ আমি সেই ভাষা সেই সাংস্কৃতির মানুষ। এদেশের সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। ঢাকার নবাবগঞ্জে আমার পিতার জন্মভূমি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.
bdnews24