নোয়াখালী, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিরহাট উপজেলার পশুরামপুর গ্রামের তিনটি বাড়িতে সন্ত্রাসীদের হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শুক্রবার রাতে সুমন ও আইয়ুব আলী নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা স্থানীয় করমবক্স উচ্চ বিদ্যালয়ের ছাত্র। হামলায় আইয়ুব আলী নেতৃত্ব দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় বসু দেব বাদী হয়ে শুক্রবার রাতে তালিকাভুক্ত ১৩ জনসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করার পর পুলিশ করমবক্স উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সুমন ও হামলায় নেতৃত্ব দেওয়া আইয়ুব আলীকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
পশুরামপুর গ্রামে শুক্রবার সকালে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবারের এক অপ্রীতিকর ঘটনার জের ধরে লেমুয়া, পদুয়া ও ফলহারি গ্রামের দুই শতাধিক যুবক লাঠি-সোঁটা নিয়ে পশুরামপুর গ্রামের চিত্তহরণ ডাক্তার বাড়ি, মতোরি বাড়ি ও ননী ভট্টের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
নরোত্তমপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন ফারুক ও শিক্ষক দুলাল দত্ত ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, গত বুধবার পশুরামপুর গ্রামের একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের সময় পাশের গ্রামের কয়েকজন যুবক তাদের উত্যক্ত করলে স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের বচসা হয়। তখন ওই যুবকরা হুমকি দিয়ে চলে যায়। এর পরদিন রাতে লেমুয়া গ্রামের কয়েকজন যুবক চিত্তহরণ ডাক্তার বাড়িতে ফুল চুরি করতে এসে লোকজন দু'জনকে ধরে ফেলে। তবে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় তারা ছাড়া পায়। এ দু'জন হামলাকারীদের মধ্যে ছিল বলে গ্রামবাসী অভিযোগ করেন।
মধ্যস্থতাকারী করমবক্স বাজার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও করমবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের আত্মগোপন করেছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাউসার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কবিরহাট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিকেলে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদ্দুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় হামলার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৩ ঘ.
bdnews24