ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ও টিফিনের বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শনিবার 'ওয়েগা ফ্যাশন' নামে এক তৈরি পোশাক কারখানার শতাধিক শ্রমিক ঢাকা কলেজের সামনে বিক্ষোভ করেছে। তারা প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
মালিক পক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি শান্ত হয়।
নিউমার্কেট থানার উপ পরিদর্শক মোসাদ্দেক হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১০টার দিকে মীরপুর রোডের ওই তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। এ সময় ঢাকা কলেজের সামনে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তা ছাড়তে বললে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও শ্রমিকরা একসময় সরে গিয়ে গার্মেন্টসের সামনে জড়ো হয়।
উপ পরিদর্শক মোসাদ্দেক খান জানান, মালিক দেশের বাইরে থেকে ফিরলে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে ২০ ফেব্র"য়ারি আলোচনা হবে বলে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। এ আশ্বাসের পর শ্রমিকরা কর্মস্থলে ফিরে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এসকে/২১০৮ঘ.
bdnews24