২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভিশন হারাতে পারেন ৫ ভিআইপি বন্দি

বিধি ভেঙে কারাগারে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে ব্যারিস্টার নাজমুল হুদা, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, মহীউদ্দিন খান আলমগীর, সালাউদ্দিন কাদের চৌধুরী ও সিগমা হুদার ডিভিশন বাতিল হতে পারে। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিধি ভেঙে কারাগারে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে ব্যারিস্টার নাজমুল হুদা, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, মহীউদ্দিন খান আলমগীর, সালাউদ্দিন কাদের চৌধুরী ও সিগমা হুদার ডিভিশন বাতিল হতে পারে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাঁচ ভিআইপি বন্দি কারাবিধি না মেনে সেলের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতেন। ঘটনা ধরা পড়ার পর বিষয়টি মুখ্য বিচারিক হাকিমকে জানানো হয়েছে। এ অপরাধের জন্য আদালত তাদের ডিভিশন বাতিল অথবা জেল বা অন্য কোনো সাজা দিতে পারে। কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারাবিধি ভঙ্গের অভিযোগে পাঁচ বন্দির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছে।" আরও কয়েকজন ভিআইপি বন্দির কাছে মোবাইল ফোন থাকতে পারে জানিয়ে কারা মহা-পরিদর্শক বলেন, "এজন্য আমরা ঝটিকা অভিযান চালাচ্ছি।" বন্দিদের কাছে কীভাবে মোবাইল ফোন যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "বন্দিদের কোর্টে নিয়ে যাওয়ার পর তারা অনেক সময় খোলামেলা পরিবেশে থাকেন। অনেকের সঙ্গে কথা বলেন। কখনো কখনো দেরিতে তাদের কারাগারে ফিরিয়ে আনা হয়। এ সময়ের কোনো পর্যায়ে তাদের কাছে মোবাইল ফোন পৌঁছানো হতে পারে।" দুর্নীতির অভিযোগে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই পাঁচজন গ্রেপ্তার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএনডি/১৭২২ ঘ.