২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মান্ধদের অপচেষ্টা সম্পর্কে সজাগ থাকুন: চট্টগ্রামে সুন্নী সম্মেলনে বক্তারা

ইসলামের 'লেবাসধারী ধর্মান্ধদের' অপচেষ্টা থেকে সজাগ থাকার জন্য সবার প্রতি আহবান জানানো হয়েছে আন্তর্জাতিক সুন্নী সম্মেলনে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে দুই দিনের এই সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামের 'লেবাসধারী ধর্মান্ধদের' অপচেষ্টা থেকে সজাগ থাকার জন্য সবার প্রতি আহবান জানানো হয়েছে আন্তর্জাতিক সুন্নী সম্মেলনে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে দুই দিনের এই সম্মেলন শুরু হয়েছে। আহলে সুন্নাত সম্মেলন সংস্থা (ওএসি) এ সম্মেলনের আয়োজন করেছে। ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মুফতি মুহাম্মদ ইদ্রিস রজভীর সভাপতিত্বে সম্মেলনের প্রথম দিন বক্তারা বলেন, 'একটি চক্র' ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করছে। এ জন্য সুন্নাহপন্থী মুসলিম জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তারা অভিমত দেন। শুক্রবার সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারতের আলেম আল্লামা আকবর এহসানী। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম (বীরপ্রতীক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, মুফতি আবুল খায়ের রিজভী, আল্লামা মুহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী, পীরে তরিকত শাহ আব্দুল করিম আল কাদেরী প্রমুখ। সম্মেলনে ইসলামী তাত্ত্বিকরা মানবজাতির চিরস্থায়ী শান্তি ও মুক্তির জন্য সুন্নীয়তকে 'একমাত্র বিজ্ঞানভিত্তিক ভারসাম্যপূর্ণ জীবন দর্শন' বলে আখ্যায়িত করেন। তারা মন্তব্য করেন, "বর্তমানে বিশ্ব মোড়লরা মানবাধিকার রক্ষায় সোচ্চার হলেও তারাই মানবাধিকার লঙ্ঘন করছে।" শনিবার বিকালে মাওলানা কাজী নুরুল ইসলাম হাশেমীর সভাপতিত্বে সমাপনী সভা অনুষ্ঠিত হবে। এতে পাকিস্তানের আল্লামা ওয়াসেস রেজা কাদেরিসহ অন্যরা বক্তৃতা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এসকে/২২৩৮ঘ.