২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলির পর ছিনতাই করে পালানোর সময় নগরীর জেইসি মোড়ে শুক্রবার দুপুরে গণপিটুনিতে নিহত হয়েছেন এক ছিনতাইকারী। আহত হয়েছেন আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 10:49 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গুলির পর ছিনতাই করে পালানোর সময় নগরীর জেইসি মোড়ে শুক্রবার দুপুরে গণপিটুনিতে নিহত হয়েছেন এক ছিনতাইকারী। আহত হয়েছেন আরও তিনজন। স্টেডিয়াম সংলগ্ন নেভাল যাদুঘরের কাছে ছিনতাইকারীদের গুলিতে আহত শিক্ষার্থী হলেন- এবিএম শিহাব উদ্দিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার ও ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা আটক করেছে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক জহির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিহাবউদ্দিনের হাতে ও পেটে গুলি লেগেছে। হাসপাতালের চিকিৎসককে উদ্ধৃত করে তিনি জানান, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করায় তার অবস্থা এখন আশংকা মুক্ত। শিহাব নগরীর হাইলেভেল রোড এলাকায় থাকেন। উপ-পরিদর্শক জহির জানান, নিহত ছিনতাইকারীর বয়স আনুমানিক ২৫ বছর। ছিনতাইকারীদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানায়, দুপুর সোয়া একটার দিকে স্টেডিয়াম সংলগ্ন নেভাল যাদুঘরের সামনে ছিনতাইকারীদের এই দলটি রিকশারোহী শিহাবকে গুলি করে তার মোবাইল ও টাকা পয়সা লুট করে। স্থানীয়দের কাছ থেকে ছিনতাই ও গুলির সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি দল ছিনতাইকারীদের বহনকারী অটোরিকশাকে ধাওয়া করে। প্রায় ১০/১২ মিনিট অনুসরণের পর জিইসি মোড়ের জামান রেস্তোঁরার সামনে লোকজনের সহায়তায় পুলিশ অটোরিকশাটি আটক করে। বিক্ষুব্ধ লোকজন আরোহী চার ছিনতাইকারীকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হন। পুলিশ তিনজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলশী থানার উপ-পরিদর্শক দীপংকর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত ২৪/২৫ বয়সী ছিনতাইকারীর পরিচয় জানা যায়নি। তার সহযোগীদের জ্ঞান না ফেরায় তাদেরও নাম ঠিকানা পাওয়া যায়নি। তিনি জানান, পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করেছে। আটক করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা। দীপংকর জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬৪৩ ঘ.