২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন সরকারি কাজের অর্থ অপচয় ও লুটপাটের সুযোগ নেই: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, "আগে সরকারি উন্নয়নমূলক কাজে বরাদ্দ অর্থের দুই তৃতীয়াংশ অপচয় ও লুটপাট হতো। এখন সেই সুযোগ নেই। তাই ওই টাকা দিয়ে এখন তিন গুণ বেশি উন্নয়ন কাজ করা সম্ভব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 05:57 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, "আগে সরকারি উন্নয়নমূলক কাজে বরাদ্দ অর্থের দুই তৃতীয়াংশ অপচয় ও লুটপাট হতো। এখন সেই সুযোগ নেই। তাই ওই টাকা দিয়ে এখন তিন গুণ বেশি উন্নয়ন কাজ করা সম্ভব।" তিনি বলেন, "দেশের ১৫ কোটি মানুষের ৩০ কোটি হাতকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগালে দেশে অভাব থাকবে না।" (আরও তথ্যসহ) বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের পণ্ডিতেরহাট গ্রামের হাবিব উল্যা মিয়া উচ্চ বিদ্যালয়ে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। জেনারেল মইন বলেন, "১৫ নভেম্বর সিডর আঘাত হানার পর সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল, আগামীতেও দাঁড়াবে। সিডরের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সব মানুষকে চেষ্টা চালাতে হবে, কাজ করতে হবে।" তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না। খাদ্য আমদানি করে চালের দাম কমানো সম্ভব নয়। তাই দেশে খাদ্য উৎপাদন বাড়াতে হলে প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগাতে হবে। জেনারেল মইন বলেন, সরকার ৩৮ টাকা দরে সার আমদানি করে সেই সার ৫ টাকা ৩১ পয়সা দামে কৃষকদের মধ্যে বিতরণ করছে। এ জন্য কৃষক ভাইদেরকে সারের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। অনুষ্ঠানের শুরুতে সেনাপ্রধান চর জব্বার ডিগ্রি কলেজ লাইব্রেরির জন্য ৩০ হাজার টাকার বই ও হাবিব উল্যা মিয়া উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরির জন্য ২০ হাজার টাকার বই তুলে দেন। অনুষ্ঠান শেষে জেনারেল মইন স্থানীয় আধুনিক ক্ষুদ্র কৃষি সমবায় সমিতির সদস্যদের একটি পাওয়ার ট্রিলার, একটি গুটি ইউরিয়া তৈরির মেশিন ও একটি পাম্প দেন। এ সময় কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চর জুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালাউদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। সুদী সমাবেশের আগে সেনাপ্রধান চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামে সেনাবাহিনীর আর্থিক সহায়তায় 'ফোর কাউ' প্রকল্পের উদ্বোধন করে স্থানীয় দুস্থ কৃষক আবদুস সোবহানের পরিবারকে ৪টি গাভী প্রদান করেন। এ প্রকল্পের আওতায় স্থানীয় ১০টি পরিবারকে চারটি করে উন্নত জাতের গাভী দেয়া হয়। বিকালে জেনারেল মইন উ আহমেদ নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চট্রগ্রাম বিভাগীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সেনাপ্রধানের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে। এর আগে সকালে জেনারেল মইন উ আহমেদ ফেনীতে ট্রাস্ট ব্যাংকের ৩১তম শাখা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকার ফেনীতে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের অনুমতি দিয়েছে। সেনাপ্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল মইন বলেন, "ফেনী ছাড়াও মেঘনাঘাট এলাকায় আরেকটি ইপিজেড স্থাপন করা হবে। এতে আমরা সবাই লাভবান হব।" উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল উ আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক সামছুল করিম মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএআর/এমএসবি/এমএইচবি/২৩৪৮ ঘ.