মৌলভীবাজার , ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসা মেছোবাঘটিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক জানান, মঙ্গলবার রাতে এক মাস বয়সী একটি শাবকসহ মেছোবাঘটি রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামের আক্কেল আলীর বাড়িতে ধরা পড়ে।
আক্কেল আলী শাবকসহ মেছোবাঘটিকে নিজ হেফাজতে রেখে বনবিভাগকে সংবাদ দেন। খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক শাবকসহ মেছোবাঘ দুটিকে মঙ্গলবার রাতেই শ্রীমঙ্গলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ে নিয়ে আসেন।
ফজলুল হক জানান, খাদ্যের সন্ধানে পথ ভুলে শাবকসহ মা মেছোবাঘটি লোকালয়ে চলে আসে। মা মেছোবাঘটির দৈর্ঘ্য তিন ফুট, উচ্চতা দেড় ফুট ও ওজন আট কেজি।
বুধবার দুপুরে শাবকসহ মেছোবাঘটি অবমুক্তকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মদিনুল আহসান, শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেবসহ স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৫৬ ঘ.
bdnews24