ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাজীপাড়ায় মঙ্গলবার দুর্বৃত্তদের গুলিতে আসাদুজ্জামান আশু (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া নিকুঞ্জ এলাকায় সন্ত্রাসীদের চাপাতির আঘাতে আহত হয়েছে হায়দার নামে এক কিশোর।
কাফরুল থানার উপপরিদর্শক ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসাদুজ্জামান আশু সকাল ১০টার দিকে পূর্ব কাজীপাড়ার একটি বাসা থেকে বের হয়ে মোটর সাইকেলে কাজীপাড়া বাসস্ট্যান্ডে যাবার পথে দুর্বৃত্তরা তার মাথার পেছনে গুলি করে। সন্ধ্যা সাতটায় তিনি মারা যান।"
তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
তবে কাউকে গ্রেপ্তারও করা যায়নি। হত্যার কোনো কারণও জানা যায়নি।
আসাদুজ্জামানের চাচী গুলনাহার বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশু মোটরসাইকেলে করে সকালে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে ভাতিজা অমিকে নিয়ে বাসস্ট্যান্ডের একটি হোটেলে যাচ্ছিল। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করলে মাথার পিছনে একটা গুলি লাগে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।"
এদিকে সকাল ১০টায় খিলখেত নিকুঞ্জ এলাকায় সন্ত্রসীদের চাপাতির আঘাতে হায়দার নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে পুলিশ সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে।
খিলখেত থানার উপ পরিদর্শক আব্দুল মান্নান জানান, নিকুঞ্জ এলাকায় কয়েকজন যুবক হায়দারকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। হায়দারের মা হোসনে আরা বেগম এ ঘটনায় একটি মামলা করেছেন। এরপর পুলিশ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/টিএইচ/ডিডি/এমএইচবি/২৩৫৫ ঘ.
bdnews24