চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তার মাধ্যমে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলাটি অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন কবীর রাসেল বলেছেন, আগের তদন্ত প্রতিবেদনে প্রকৃত অপরাধীদের আড়াল করতে কুলি-মজুরদের আসামি করা হয়েছিল।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ মঙ্গলবার সকালে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার আদেশের পাশাপাশি ১৫ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারকে নির্দেশ দেন।
এ সময় হাফিজুর রহমান, দীন মোহাম্মদসহ মামলায় জামিন পাওয়া আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
২০০৭ সালের ১৯ নভেম্বর মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
২০০৪ সালের ২ এপ্রিল মধ্যরাতে কর্ণফুলী নদী তীরে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ট্রলার থেকে খালাসের সময় দশ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান অস্ত্র মামলায় ৪৩ জনকে ও চোরাচালান মামলায় ৪৪ জনকে আসামি করে দুটি মামলা করেন। ২০০৬ সালের ১৭ জানুয়ারি মামলা দুটির বিচার শুরু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন কবীর রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, "অতীতে অস্ত্র মামলার তদন্ত ও প্রতিবেদনে বেশ ত্র"টি থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন।"
তিনি জানান, অস্ত্রের উৎস বা গন্তব্য এবং অত্যাধুনিক এসব অস্ত্র চোরাচালানের সঙ্গে দেশের কারা জড়িত সেসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তদন্ত প্রতিবেদনে ছিল না। প্রকৃত ব্যক্তিদের আড়াল করতে কুলি-মজুরদের আসামি করা হয়েছে। এছাড়া তদন্ত প্রতিবেদন ও সাক্ষীদের বক্তব্যের মধ্যে ব্যাপক অসঙ্গতি পাওয়া গেছে। সে কারণে বিচারক অধিকতর তদন্তের নির্দেশ দেন।
আইনজীবী হুমায়ুন কবীর রাসেল জানান, অধিকতর তদন্তের আবেদন শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা কোনো আপত্তি করেননি।
মামলাটির বাদী আহাদুর রহমানকেই প্রথমে তদন্ত কর্মকর্তা করা হয়। পরে সহকারী পুলিশ কমিশনার এ কে এম কবির উদ্দিন ও সহকারী পুলিশ কমিশনার মীর নওশের আলী তদন্ত কর্মকর্তা হন।
২০০৪ সালের ২৫ আগস্ট মামলা দুটির অভিযোগপত্র দাখিল এবং পরের বছর ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/১৬৪৬ ঘ.
bdnews24