ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারকে নিয়মিত আপিল করতে বলেছে আপিল বিভাগ। আর এ আবেদন করতে হবে ১৯ ফেব্র"য়ারির মধ্যে।
মঙ্গলবার শুনানি শেষে দুপুর ১২টায় প্র্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশ দেয়। এর আগে সকালে শুনানি শুরু হয়ে প্রায় ১০টা পর্যন্ত তা চলে।
আপিল বিভাগের আদেশের পর শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্ট স্থগিত করেনি।"
হাইকোর্টের রায় উল্লেখ করে আগামী ১৯ ফেব্র"য়ারির মধ্যে সরকারকে নিয়মিত আপিল করতে আদালত আদেশ দিয়েছে বলেও জানান তিনি।
এর আগে সকালে হাইকোর্টের রায় স্থগিতের সরকারের আবেদনের শুনানিতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, "এ রায়ের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই রায় স্থগিত করা প্রয়োজন।"
আদালত বলেন, "আমরা হাইকোর্টের রায় দেখিনি। রায় না দেখে কিভাবে আদেশ দিই।"
শেখ হাসিনার প্রধান কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, "হাইকোর্ট চুড়ান্ত রায় দিয়েছে। এর আগে হাইকোর্টের অর্ন্তবর্তীকালীন আদেশ স্থগিত করেছিলেন। কিন্তু এখন রায় না দেখে আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করতে পারবে না।"
গত বুধবার হাইকোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়াকে অবৈধ ঘোষণা ও মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে। রায়ের পরপরই সরকারপক্ষ এটি স্থগিত করার জন্য আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আপিল করে। চেম্বার জজ রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
গত ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ দেওয়ার বিনিময়ে আসামীরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫ শ টাকা চাঁদা নেন।
শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৪ জুলাই শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/আরএ/এসকে/এমআই/১২২৬ ঘ.
bdnews24