চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ডাশো শেরিং দর্জি। বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) পরিদর্শনে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
সিইপিজেডের জোন সার্ভিসেস কমপ্লেক্সে মতবিনিময়কালে রাষ্ট্রদূত বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত বাংলাদেশের ইপিজেডসমূহ ভুটানের বিনিয়োগকারীদের জন্য আদর্শ স্থান হতে পারে বলে মন্তব্য করেন।
বেপজার জনসংযোগ কর্মকর্তা আনোয়ার পারভেজ এক বিজ্ঞপ্তিতে জানান, মতবিনিময়কালে বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ দেশের ইপিজেডসমূহের সার্বিক বিষয় রাষ্ট্রদূতকে অবহিত করেন।
নির্বাহী চেয়ারম্যান ভুটানকে বন্ধুরাষ্ট্র উল্লেখ করে সেদেশের বিনিয়োগকারীদের ইপিজেডসমূহে বিনিয়োগ করার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে আহবান জানান। সিইপিজেডের মহাব্যবস্থাপক আতাউল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এরপর রাষ্ট্রদূত ডাশো শেরিং দর্জি সিইপিজেডে আমেরিকান রিজেন্সি গার্মেন্টস এবং ইলেক্ট্রনিক সামগ্রী নির্মাণকারী জাপানি প্রতিষ্ঠান অপ-সিড কোম্পানি (বিডি) লিমিটেডের কারখানা পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24