২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্যাস সংকটসহ নানা কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে

চট্টগ্রামের শিল্প-উদ্যোক্তারা বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা তুলে ধরে বলেছেন, গ্যাস সংকটসহ নানা কারণে চট্টগ্রামে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। শিল্প কারখানা স্থাপনে যে প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সেগুলোতে প্রচুর সময় লেগে যায়। কারণ যে কোনো সিদ্ধান্তের জন্য ঢাকায় দৌঁড়াতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শিল্প-উদ্যোক্তারা বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা তুলে ধরে বলেছেন, গ্যাস সংকটসহ নানা কারণে চট্টগ্রামে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। শিল্প কারখানা স্থাপনে যে প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সেগুলোতে প্রচুর সময় লেগে যায়। কারণ যে কোনো সিদ্ধান্তের জন্য ঢাকায় দৌঁড়াতে হয়। বৃহস্পতিবার চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এক সেমিনারে তারা এ কথা বলেন। অপর দিকে ওই সেমিনারে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেছেন, চট্টগ্রামকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সেমিনারে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, নীতিমালা না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা সামান্য মূলধন নিয়ে আসেন। কিন্তু লাভসহ পুরো টাকাই তারা বাইরে নিয়ে যাচ্ছেন। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অন্তত ৭৫ শতাংশ মূলধন বাইরে থেকে নিয়ে আসা এবং শেয়ার ছাড়ার বাধ্যবাধকতা থাকলে দেশের প্রবৃদ্ধি বাড়বে। 'আনলকিং দ্য পোটেনশিয়াল অব গ্রেটার চিটাগাং-দ্য রিজিওনাল হাব অব সাউথ অ্যান্ড ইস্ট এশিয়া' শীর্ষক ওই সেমিনারে বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি এম এ ছালাম বলেন, গত আট মাস ধরে চট্টগ্রামে শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। অথচ গ্যাসনির্ভর কারখানা চালু করতে প্রথমেই গ্যাস দরকার। বিদ্যুতের অভাবে গ্যাস জেনারেটরও চালু করা যাচ্ছে না। চট্টগ্রামে দেশি-বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে বিনিয়োগ বোর্ড চেয়ারম্যান বলেন, "বোর্ডের একার পক্ষে সব সমস্যা দুর করা সম্ভব নয়। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।" বিনিয়োগ বোর্ড অনুমতি দেওয়াসহ সব কাজে সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক দিক থেকে চট্টগ্রাম সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইন করাসহ সব অবকাঠামো গড়ে তোলার জন্য সরকার উদ্যোগ নিতে শুরু করেছে। নির্বাহী চেয়ারম্যান বলেন, "সমস্যা দ্রুত নিরসনে বোর্ড ওয়ান স্টপ সার্ভিস চালু করার চেষ্টা করছে।" সেমিনারে বক্তারা চট্টগ্রাম এবং এ অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশে বিনোয়োগ বোর্ড এবং সরকারের জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ার আহবান জানান। রাঙামাটি চেম্বারের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, হিমাগারের অভাবে পার্বত্য এলাকায় প্রতিবছর প্রচুর ফল নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এসব ফলের ওপর নির্ভর করে এখানে শিল্প-কারখানা গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু স্থানীয়ভাবে শিল্প-কারখানা স্থাপনে এখানে বিনিয়োগ হচ্ছে না। বান্দরবান চেম্বারের সিনিয়র সহসভাপতি ওসমান গনি বলেন, জেলায় রাবার ও মসলা হয় বেশি। এই দুটি পণ্যভিত্তিক শিল্পের সম্ভাবনা থাকলেও কিছুই হয়নি। সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার হোসেইন জামিল, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য আবু রেজা খান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, মাহফুজুল হক শাহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০০৩ ঘ.