ঠাকুরগাঁও, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মাসুদ উল হাসানকে তাৎক্ষণিক বদলি বা স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
পাশাপাশি ঠাকুগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ সুপারকে তাৎক্ষণিক বদলি করে দেওয়া পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) আদেশের কপি ফ্যাক্সের মাধ্যমে বুধবার বিকালে সংশ্লিষ্ট কার্যালয়ের হস্তগত হয়।
বর্তমানে পুলিশ সুপারের দায়িত্বপালনকারী জেলা গোয়েন্দা কর্মকর্তা শামসুল হক ফ্যাক্স বার্তাটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মাসুদ উল হাসানকে তাৎক্ষণিক বদলি করে ঢাকায় পুলিশ হেড সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
অপর এক আদেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেনকে সাময়িক বরখাস্ত করে বরিশাল পুলিশ লাইনে এবং উপ-পরিদর্শক রেজাউল ইসলামকে ঠাকুরগাঁও পুলিশ লাইনে প্রত্যাহারে করা হয়।
সাময়িক বরখাস্তকৃত সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ও উপ-পরিদর্শক রেজাউল ইসলাম পরস্পরের বিরুদ্ধে জিডি পাল্টা জিডি দায়েরের জেরে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমানে উপ-পরিদর্শক মাসুদ রানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
১ ফেব্র"য়ারি সোহরাব হোসেন থানায় এসে দেখতে পান তার কক্ষে মল ফেলে রাখা হয়েছে। এর জন্য তিনি উপ-পরিদর্শক রেজাউল ইসলামকে সন্দেহ করেন এবং তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।
পরদিন রেজাউল ইসলাম অশোভন আচরণ ও মিথ্যা সন্দেহের অভিযোগ এনে সোহরাব হোসেনের বিরুদ্ধে পাল্টা জিডি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24