ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আবারও এপ্রিল-মে'র মধ্যে নির্বাচন দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-১ এর এজলাসে হাসিনা তার আইনজীবী ও সাংবাদিকদের কাছে এ দাবির কথা জানান।
শেখ হাসিনা বলেন, "এপ্রিল-মে'র মধ্যে নির্বাচন হলে ভাল হয়। নয় মাসে দেশ স্বাধীন হলে ভোটার তালিকা করতে এত সময় লাগবে কেন?"
আওয়ামী লীগ হাসিনা বলেন, "এই মুহুর্তে জনপ্রতিনিধিদের নির্বাচিত সরকার দরকার। জনপ্রতিনিধি ছাড়া সরকার চলেনা।"
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র (বার্জমাউন্টেড) স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়। আদালত এ মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৩ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করে। এরপর বিচারক এজলাস ছেড়ে নেমে গেলে হাসিনা আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে প্রায় ১৫/২০ মিনিট কথা বলেন।
বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা বাতিল করে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় নেয়াকেও অবৈধ ঘোষণা করে।
এর প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেন, "আদালতের এ রায়ে সংবিধান সমুন্নত করা হয়েছে। সবার আগে সংবিধান। সংবিধানই সব। এর বাইরে কোন কিছু চলতে পারেনা। এর বাইরে যা হবে তা বেআইনী।"
বুধবার বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছিলেন, দুই নেত্রীকে আটক রেখে কোনও নির্বাচন মেনে নেওয়া হবে না। তিনি খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ সব রাজনৈতিক নেতার অবিলম্বে মুক্তি দাবি করেন।
এ প্রসঙ্গে শেখ হাসিনার কাছে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, "ওসব কিছু জানিনা। আগে চাই নির্বাচন। গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১১২৪ঘ.
bdnews24