ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও সাত পৌরসভার ছবিসহ ভোটার তালিকার মুদ্রণ কপি হাতে এলেও খসড়া তালিকা প্রকাশের জন্যে এ সংক্রান্ত বিধিমালার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
কমিশন মনে করছে, আগামী সপ্তাহে 'ভোটার তালিকা বিধিমালা ২০০৭' উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে চলতি মাসের মাঝামাঝি সময়ে খসড়া তালিকা প্রকাশ করা যাবে। এরপর ১৫ দিনের মধ্যে দাবি-আপত্তি-সংশোধন ও নিষ্পত্তি শেষে ভোটার তালিকা চূড়ান্ত মুদ্রণে যাবে। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটার তালিকা বিধিমালা ২০০৭ অনুমোদন না হওয়ায় ভোটার তালিকার খসড়া মুদ্রণ হলেও তা জনসম্মুখে প্রকাশ করা যাচ্ছে না। বর্তমানে বিধিমালাটি আইন মন্ত্রণালয়ে রয়েছে।"
তিনি বলেন, "অধ্যাদেশ জারির আগে খসড়া প্রকাশ হলে আইনি জটিলতা দেখা দেবে। আশা করছি আগামী সপ্তাহে তা হাতে পাব। এরপরই আপত্তি-সংশোধনের জন্যে খসড়া প্রকাশ হবে।"
নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এপ্রিল নাগাদ স্থানীয় সরকারের নির্বাচন করতে হলে ফেব্র"য়ারিতেই খসড়া প্রকাশের ব্যবস্থা করতে হবে। তবে বিধিমালা এখনো ইসিতে পৌঁছেনি। আশা করছি, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভোটার তালিকা বিধিমালা হাতে পাব। এরপরই খসড়া সংশোধনের উদোগ নেওয়া হবে।"
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয পরিচয়পত্র প্রকল্প 'অপারেশন নবযাত্রা'র স্টিয়ারিং কমিটি গত মঙ্গলবার ইসির কাছে চার সিটি করপোরেশন ও সাত পৌরসভার খসড়া ভোটার তালিকার মুদ্রণ কপি হস্তান্তর করে।
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, রাজশাহী সিটি করপোরেশনে ১২২ ভোটার এলাকায় এবার ভোটার সংখ্যা ২৫৭৬৯৭, খুলনায় ৩৯৮০১০, বরিশালে ১৭৭৬৪৫ ও সিলেটে ২৫৪৪৫০ জন। সাত পৌরসভার মধ্যে শরীয়তপুরে ২৭১০৬, সীতাকুণ্ডে ২৫০৭৪, কক্সবাজারে ৩০৬৬৭, গোপালগঞ্জে ১৫৪৯১, শ্রীপুরে ৪৮১১৪, ফুলবাড়িয়ায় ১৭১৬৮ এবং মানিকগঞ্জে ৪১৮১২ ভোটার ছবিসহ নিবন্ধিত হয়েছে।
শনিবার সিইসি ড. এ টি এম শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী এপ্রিলে এই চার সিটি করপোরেশনের সঙ্গে সাতটি পৌরসভায় নির্বাচন করা হবে। এরপর মে মাসে ঢাকা সিটি করপোরেশন ও আরও কিছু মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এসএনডি/এমএইচবি/২০৩৩ ঘ.
bdnews24