ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবিঠাকুরের নোবেল পদক চুরির হোতা জীবন সিংয়ের সহযোগী সন্দেহে গ্রেপ্তার শিপলুকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আবদুল্লাহ আল মামুন এ নির্দেশ দেন। ওই সময় শিপলু আদালতে হাজির ছিলেন।
শিপলুকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালতে সাত দিন রিমান্ডের আবেদন জানান সিআইডি কর্মকর্তা শ্যামল চৌধুরী।
শিপলুর পক্ষে আদালতে রিমান্ড আবেদন বাতিল চেয়ে তার আইনজীবীরা আবেদন জানালেও তা নাকচ করে আদালত।
গত ৩১ জানুয়ারি রাতে রাজধানীর লালবাগের একটি বাসা থেকে শিপলুকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা।
সিআইডি কর্মকর্তাদের দাবি, শিপলু কবিগুরুর পদক চুরির মূল হোতা ভারতের জীবন সিংয়ের অন্যতম সহযোগী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৩৪৮ ঘ.
bdnews24