বরিশাল, ফেব্র"য়ারী ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাগিঙের ঘটনায় রোববার গভীর রাতে শেরে বাংলা মেডিকেল কলেজের ডা. হাবিবুর রহমান ছাত্রাবাসে ভাংচুর হয়েছে। ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে।
ঘটনা তদন্তে সোমবার একাডেমিক কাউন্সিলের সভায় শিশুরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ হোসেন প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- ডা. আবু তাহের, ডা. মাহবুবুল আলম, ডা. মানবেন্দ্র সরকার এবং ডা. বিধান। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কলেজের অধ্যক্ষ ডা. আজিজ রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সরকারি সম্পদ বিনষ্ট এবং অনাকাংখিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে
প্রত্যক্ষদর্শী চতুর্থ বর্ষের ছাত্র আরিফুর রহমান জানান, রোববার রাত সাড়ে ১২ টার দিকে জামিলুর রহমান পাপ্পু ও মাইনুল হায়দার ছাত্রাবাসের অর্ধশতাধিক ছাত্র ডা. হাবিবুর রহমান ছাত্রাবাসের ২৬ টি কক্ষে ভাংচুর করে।
সকালে হাবিবুর রহমান ছাত্রবাসে গিয়ে দেখা গেছে, নীচ তলার সাতটি এবং তৃতীয় তলার ৩০১ থেকে ৩১৮ নম্বর কক্ষগুলো ভাংচুর হয়েছে।
মডেল থানার সহকারী কমিশনার হায়াতুল ইসলাম জানান, ভাংচুর শুরু হওয়ার পর খবর পেয়ে তারা কলেজ ক্যাম্পাসে যান। কিন্তু তারা ছাত্রাবাসে ঢুকতে পারেননি। তাদের সামনেই ভাংচুর হয়েছে বলে তিনি জানান।
সহকারী কমিশনার জানান, পরে রাত পৌনে ২টার দিকে কলেজ অধ্যক্ষ ডা. আজিজ রহিমকে নিয়ে তারা ছাত্রাবাসে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কলেজের ৩৯তম ব্যাচ ও ডা. হাবিবুর রহমান ছাতাবাসের ছাত্র রেদোয়ান আহম্মেদ শামীম শনিবার র্যাগিঙের শিকার হন। রোববার কলেজের ছাত্রশিবির নেতা ও কর্মীরা মাইনুল হায়দার ছাত্রাবাসের ১১৪ নম্বর কক্ষের ছাত্র সোহাগ ও তার কয়েক সহপাঠিকে লাঞ্চিত করে। এর জের ধরে ওই রাতে হামলা ভাংচুরের ঘটনা ঘটে।
কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি শরীফ মো. মাহমুদুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের নেতৃত্বে আমাদের হোস্টেলে হামলা ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।"
তিনি সোহেল ও তার সহপাঠিদের লাঞ্চিত করার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, "এ ধরনের কোন ঘটনা ঘটেনি। আমি তাদেরকে শুধু বুঝাতে গিয়েছিলাম।"
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবু জাফর বলেন, "ছাত্রলীগ কিংবা ছাত্রদলের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেনি। ছাত্রশিবির সভাপতি মাইনুল হায়দার ছাত্রাবাসের কয়েকজন ছাত্রকে লাঞ্চিত করায় তার প্রতিবাদ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬২৯ ঘ.
bdnews24