২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত পূরণে ব্যর্থ পৌরসভাগুলো বাতিলের প্রক্রিয়া শুরু

নির্ধারিত শর্ত পূরণ না করে যে সব পৌরসভা গঠন করা হয়েছিল, সেগুলো বাতিলের প্রক্রিয়া শুরু করেছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে একটি পৌরসভা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আরও সাতটি বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে মতামত চাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত শর্ত পূরণ না করে যে সব পৌরসভা গঠন করা হয়েছিল, সেগুলো বাতিলের প্রক্রিয়া শুরু করেছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে একটি পৌরসভা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আরও সাতটি বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে মতামত চাওয়া হয়েছে। তারা জানান, রাজনৈতিক বিবেচনায় এসব পৌরসভা গঠন করা হয়েছিল। এই আটটি পৌরসভা প্রতিষ্ঠা হয় বিগত জোট সরকারের সময়ে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌরসভা প্রতিষ্ঠার জন্য নির্ধারিত বিধিবিধান রয়েছে। দেখা গেছে, অনেক পৌরসভার ক্ষেত্রেই এগুলো মানা হয়নি। এ ধরনের পৌরসভাগুলো চি‎িহ্নত করা হচ্ছে। এগুলোর বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রতিবেদন নেওয়া হচ্ছে। এ প্রতিবেদনের উপর ভিত্তি করেই বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।" উপদেষ্টা আরও বলেন, "স্থানীয় সরকার প্রতিষ্ঠান গতিশীল ও শক্তিশালীকরণ সংক্রান্ত কমিটির সুপারিশকৃত প্রস্তাবিত পৌরসভা অধ্যাদেশ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর শিগগিরই প্রণয়ন করা হবে। এ অধ্যাদেশ জারির পর নির্ধারিত শর্ত পূরণ না করা পৌরসভাগুলো স্বাভাবিকভাবেই বাতিল হয়ে যাবে।" বর্তমান সরকার কর্তৃক গঠিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান গতিশীল ও শক্তিশালীকরণ সংক্রান্ত শওকত কমিটির প্রস্তাবিত পৌরসভা অধ্যাদেশে বলা হয়েছে , যে সব পৌরসভা ১৯৭৭ সালের অধ্যাদেশ অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, তা স্থানীয় সরকার কমিশন (প্রস্তাবিত) এর মাধ্যমে চি‎িহ্নত করে যথাযথ প্রক্রিয়া অনুসরণের পর বিলুপ্ত বলে গণ্য হবে। ১৯৭৭ সালের পৌরসভা অধ্যাদেশ অনুযায়ী, পৌর অঞ্চলের তিন-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক পুরুষ ব্যক্তি অকৃষি পেশায় নিয়োজিত থাকতে হবে। পাশাপাশি জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমাইলে গড়ে ২ হাজারের কম হলে চলবে না এবং জনসংখ্যা হতে হবে কমপক্ষে ১৫ হাজার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে দেশে ৩০৯টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ৮৩টি 'ক', ৭৪টি 'খ' এবং ১৫২টি 'গ' শ্রেণীভুক্ত। বিগত জোট সরকার আমলে গঠিত হয় ৬১টি পৌরসভা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, অনেক পৌরসভা প্রতিষ্ঠার সময় নির্ধারিত মানদণ্ডের তোয়াক্কা না করে কেবল রাজনৈতিক বিবেচনায় তা অনুমোদন দিয়েছিল রাজনৈতিক সরকারগুলো। কর্মকর্তারা জানান, নির্ধারিত শর্ত পূরণ না করায় গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। তা পাওয়ার পরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া নোয়াখালীর হাতিয়া, বাগেরহাটের মংলা, মাদারীপুরের কালকিনী, গাইবান্ধার সুন্দরগঞ্জ, কুমিল্লার হোমনা, যশোরের কেশবপুর এবং চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মতামত চাওয়া হয়েছে। যাচাই-বাছাই করে শর্ত পূরণে ব্যর্থ পৌরসভাগুলো চি‎িত করে তা বাতিলের প্রক্রিয়া চলবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এমআই/এমএ/১৬৩০ঘ.