২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেডসহ আটক জঙ্গি কুমিল্লা যোগসূত্রের দাবি করছে

মঙ্গলবার বিকেলে নগরীর টেরীবাজারে গ্রেনেডসহ গ্রেপ্তার হওয়া দুই সন্দেহভাজন জেএমবি জঙ্গির একজন বলেছে, তাদের মজুদ করা গ্রেনেডই কুমিল্লায় খালেদা জিয়ার জনসভায় হামলার জন্য সরবরাহ করা হয়েছিল। আটক অন্যতম জঙ্গি মাসুম সাংবাদিকদের একথা বলে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মঙ্গলবার বিকেলে নগরীর টেরীবাজারে গ্রেনেডসহ গ্রেপ্তার হওয়া দুই সন্দেহভাজন জেএমবি জঙ্গির একজন বলেছে, তাদের মজুদ করা গ্রেনেডই কুমিল্লায় খালেদা জিয়ার জনসভায় হামলার জন্য সরবরাহ করা হয়েছিল। আটক অন্যতম জঙ্গি মাসুম সাংবাদিকদের একথা বলে। এদিকে র‌্যাব কর্মকর্তারা বলেছেন, এ অঞ্চলে জেএমবি নতুন করে সংগঠিত হচ্ছে বলে যে ধারণা করা হচ্ছে কুমিল্লায় গ্রেনেড উদ্ধারের সঙ্গে চট্টগ্রামের যোগসূত্রের প্রমাণ পাওয়ায় সে ধারণা সঠিক বলেই মনে করছেন তারা। র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রহিম সাংবাদিকদের জানান, চান্দিনায় আটক করা তিন জেএমবি সদস্যের দেওয়া তথ্য অনুসারে মাসুমকে মঙ্গলবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে চট্টগ্রামে আরও গ্রেনেড মজুদ রয়েছে জেনে বিকেলে জামান ম্যানশনে অভিযান চালানো হয়। অভিযানে ২৮টি হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ জঙ্গিবাদী ইসলামী বই, ক্যাসেট ও গ্রেনেড তৈরির কাজে ব্যবহৃত তার ও সরঞ্জাম উদ্ধার করা হয়। কালো টেপ দিয়ে মোড়া ঝকঝকে নতুন ২৮টি গ্রেনেডের সঙ্গে মাসুমের ভাড়া করা মেস ঘর থেকে 'আমরা কি মুসলমান', 'ইসলামি আইন না মানার হুকুম', ইসলামি জেহাদ সংশ্লিষ্ট বিভিন্ন বই এবং দেলওয়ার হোসেন সাঈদীসহ আরও অনেকের ওয়াজের ক্যাসেট উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রহিম জানান, গ্রেনেডগুলো কোথায় তৈরি ও ব্যবহার করা হতো তা বের করতে ব্যাপক তদন্ত চালানো হবে। ওই কর্মকর্তা আরো জানান, র‌্যাব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে জেএমবি'র একটি অংশ চট্টগ্রামে রয়েছে জানতে পেরে গত কয়েকদিন থেকে তৎপরতা শুরু করা হয়। তারই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবি সদস্যরা দেশ জুড়ে অন্তত পাঁচশটি বোমার বিস্ফোরণ ঘটায় মাসুম (৩০) সাংবাদিকদের বলেন, গত ২৩ ডিসেম্বর কুমিল্লায় খালেদা জিয়ার জনসভার দিন উদ্ধার হওয়া গ্রেনেডগুলো তিনিই আগের দিন চট্টগ্রাম থেকে নিয়ে গিয়েছিলেন। রাতের অন্ধকারে কুমিল্লার চান্দিনার একটি বাড়িতে অন্য জেএমবি সদস্যদের কাছে তিনি তা পৌঁছে দেন। র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ অন্যান্য গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে মাসুম বলেন, জেএমবি'র মূল পরিকল্পনাকারী সদস্যরা তাকে খালেদার জনসভায় হামলার দায়িত্ব দিতে চেয়েছিল। মাসুমের দাবি ব্যাগে কি ছিল তা তিনি জানতেন না এবং চান্দিনায় গ্রেনেড দেখিয়ে জনসভায় হামলার কথা বললে তিনি অস্বীকৃতি জানান। এরপর তাকে গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। মাসুমের কথাবার্তার 'অসংলগ্নতা', বারবার নিজে থেকে চান্দিনার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার উল্লেখ এবং গ্রেনেডগুলোর নতুন অবস্থা উপস্থিত সাংবাদিকদের মনে তার বক্তব্য সম্পর্কে কিছু সংশয়ের জন্ম দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি জানান। মঙ্গলবার সকালে র‌্যাব-৭ এর সদস্যরা মাসুমকে বেগমগঞ্জে থেকে গ্রেপ্তার করার পর স্বীকারোক্তি অনুযায়ী টেরীবাজার জামান ম্যানশনে অভিযান চালিয়ে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। মাসুম সাংবাদিকদের বলেছে, জামান ম্যানশনের চুতর্থ তলার একটি ঘরে দুই সপ্তাহ ধরে গ্রেনেডগুলো মজুদ করে রাখা হয়। জেএমবি'র দুই সদস্য আসাদ ও হাবিব গ্রেনেডসহ কয়েকটি ব্যাগ তার কাছে রেখে যায়। এর একটি ব্যাগ সে গত ২২ ডিসেম্বর কুমিল্লায় নিয়ে যায়। পেশায় সরবত বিক্রেতা মাসুম জানায়, আসাদ ও হাবিবের বাড়ি কোথায় তা সে জানে না। ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলে তারা তার সঙ্গে বেশ কিছুদিন আগে পরিচিত হয়। মাসুম জামান ম্যানশনের চার তলায় গত চার বছর থেকে বাস করে। সে দাবি করে জেএমবি'র কোন নাশকতামূলক কাজে সে জড়িত নয়। তবে সঙ্গে থাকা গ্রেনেড ও বই প্রসঙ্গে একেক সময় সে একেক রকম উত্তর দেয়। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য জেএমবি সদস্য খোরশেদ আলম (৪৫) পত্রিকার হকার। খোরশেদ জানায়, কয়েক মাস আগে তার সঙ্গে মাসুমের পরিচয় হয় এবং মঙ্গলবার মোবাইলে ফোন করে সে তাকে ডেকে আনে। জামান ম্যানশনের চতুর্থ তলায় অবস্থিত সাতকানিয়া লোহাগাড়া সমিতির সদস্য ও তত্ত্বাবধানকারী মুহাম্মদ ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের মালিকানাধীন চার তলায় সাতটি ঘর ব্যাচেলরদের ভাড়া দেওয়া হয়েছে। মাসুম চার/পাচ বছর ধরে এ বাসা ভাড়া নিয়ে আছে এবং বিভিন্ন সময় তার কাছে অনেকেই আসত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২২০৬ঘ.