ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে রোববার আব্দুল মুয়ীদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ২৭ ডিসেম্বর বিমানের পরিচালনা পর্ষদের সভায় আব্দুল মুয়ীদ চৌধুরীকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। পর্ষদের চেয়ারম্যান পদ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল অব্যাহতি নেওয়ায় নতুন চেয়ারম্যান হিসেবে আব্দুল মুয়ীদ চৌধুরীকে নির্বাচন করা হয়।
সাধারণ নির্বাচনের ঠিক আগের দিন এবং পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিন আগে গুরুত্বপূর্ণ এ পদে মনোনয়নের ঘটনা ঘটলো।
মুয়ীদ চৌধুরী ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বিমানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি ব্র্যাকের নির্বাহী পরিচালক ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসকে/১৯২৯ঘ.
bdnews24