২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনের বড় অভিযোগ পাওয়া যায়নি"

চট্টগ্রামের নির্বাচনী আসনগুলোতে এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল। রোববার নগরীর মুসলিম হলে জেলার ছয় আসনের প্রার্থী ও পোলিং এজেন্টদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নির্বাচনী আসনগুলোতে এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল। রোববার নগরীর মুসলিম হলে জেলার ছয় আসনের প্রার্থী ও পোলিং এজেন্টদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। সংশ্লিষ্ট সংসদীয় আসনের প্রার্থী ও পোলিং এজেন্টদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হলেও চারদলীয় জোট ও মহাজোটের কোনো প্রার্থী এতে অংশ নেননি। তিনি বলেন, "নির্বাচনকে ঘিরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমন্যাসিয়ামে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এখান থেকেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।" চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, "নির্বাচনকে সামনে রেখে বিশেষ 'সিকিউরিটি প্ল্যান' অনুযায়ী গুরুত্বানুসারে ভোট কেন্দ্রগুলোকে আলাদা ভাগে ভাগ করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে সহিংসতা রোধে পুলিশ প্রস্তুত আছে।" সভায় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফজলুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ছাড়াও চট্টগ্রাম-৩ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৪ (হাটহাজারী), চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়ালখালী), চট্টগ্রাম- ৮ (কোতোয়ালী), চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) এবং চট্টগ্রাম- ১০(পতেঙ্গা) প্রার্থীদের প্রতিনিধি, কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ও পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্বচ্ছ ব্যালট বাক্স সিল করা ও খোলার পদ্ধতি দেখানো হয় এবং নির্বাচনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসকে/২১৪২ঘ.