২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে যুদ্ধাপরাধীদের প্রত্যাখান করুন: সেক্টর কমান্ডার্স

যুদ্ধাপরাধীরা যাতে নির্বাচনে জিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জাতীয় সংসদে যেতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে তাদের প্রত্যাখানের আহ্বান জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরাম নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ফরিদপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধীরা যাতে নির্বাচনে জিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জাতীয় সংসদে যেতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে তাদের প্রত্যাখানের আহ্বান জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরাম নেতারা। তারা বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে এবং স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে ব্যালটের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রায় দিতে হবে। বিজয়ী করতে হবে স্বাধীনতার পক্ষের শক্তিকে। রোববার দুপুরে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম, ফরিদপুর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে ফোরাম নেতারা এ আহ্বান জানান। সেক্টর কমান্ডারস ফোরামের প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জোনারেল হারুন-অর-রশীদ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আজ জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমরা সরকারের কাছে বিচার চেয়ে পাইনি। তাই আজ জনগণের কাছে বিচার চাইছি।" নির্বাচনে বিচারের রায় দেওয়ার সময় এসেছে বলে উল্লেখ করে তিনি বলেন, "ব্যালটের মাধ্যমে রায় দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। তাহলে অবশ্যই একদিন যুদ্ধাপরাধীদের বিচার হবে।" ফোরাম নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বলেন, "শহীদদের রক্তে ভেজা পবিত্র সংসদে যাতে ওরা না যেতে পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে ব্যালটের মাধমে তাদের বিরুদ্ধে রায় দিতে হবে। সবাইকে সচেতন করে তুলুন যাতে ওদের জামানত বাজেয়াপ্ত হয়।" সিআর দত্ত যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "একাত্তরের মতো জ্বলে ওঠার এখনই সময়।" অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী বলেন, "বঙ্গবন্ধুর ডাকে একাত্তরে যার যা আছে, তাই নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকেও আমাদের সকলকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রচারণা চালাতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে।" যুদ্ধাপরাধী মুজাহিদকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ওদের দেওয়া যে কোন উপঢৌকন আগুনে পুড়িয়ে দেবেন।" মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- সেক্টর কমান্ডাস ফোরামের সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদুর রহমান, সাংবাদিক হারুন হাবিব, ক্যাপ্টেন শাহাবউদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডাররা। সেক্টর কমান্ডাস ফোরামের যুদ্ধাপরাধীর তালিকাভুক্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ফরিদপুর-৩ (সদর) আসনে চারদলীয় জোটের প্রার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.