বরিশাল, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল কেন্দ্রীয় কারাগারে শনিবার রাতে দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।
এরা হচ্ছেন- বরিশাল নগরীর কাটপট্রি এলাকার হাফিজুর রহমান এবং ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার ঝিকড়া গ্রামের কবির হোসেন।
শনিবার রাত ১১টা ১৫মিনিটে হাফিজুর রহমানকে এবং রাত ১১টা ৫৫ মিনিটে কবির হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
রোববার ভোরে দু'জনের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ফাঁসির আদেশ কার্যকর তদারকীর জন্য জেলা প্রশাসনের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এটিএম মাহবুব উল করিম, স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল সার্জন ডাঃ পুলিন কুমার সিংহ, জেল সুপার গোলাম হায়দার, জেলার মোহাম্মদ মোখলেছুর রহমানসহ অন্যান্য কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বরিশাল কেন্দ্রীয় কারাগার জামে মসজিদের ইমাম ওই দু'জনকে তওবা পাঠ করান। আদায় করান দু'রাকাত করে নফল নামাজ। শনিবার দিনের বেলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু'জনের সঙ্গে কারাগারের সাক্ষাৎ কক্ষে দেখা করেন নিকট আত্মীয়রা। শেষ ইচ্ছে অনুযায়ী তাদের পছন্দের খাবার খাওয়ান কারাগার কর্তৃপক্ষ।
এ নিয়ে স্বাধীনতার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারে ৪ জনের ফাঁসি কার্যকর করা হল। সর্বশেষ ২০০৬ সালে বরিশালের উজিরপুরের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।
শনিবার বরিশালের কারাধ্যক্ষ (জেল সুপার) গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার বাড্ডা এলাকায় ভাড়া বাড়িতে হাফিজুর রহমান তার স্ত্রী এবং দুই ছেলেকে হত্যা করে।
অপরদিকে ঝালকাঠীর রাজাপুর উপজেলার ঝিকড়া গ্রামের মমতাজ খানের ছেলে কবির হোসেন তার স্ত্রীকে হত্যা করে।
আদালত এ দু'জনকে ফাঁসিতে মৃত্যুদণ্ডাদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এজে/১২৫৯ ঘ
bdnews24