ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘন কুয়াশার কারণে শুক্রবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী সব বিমানসংস্থাই তাদের ফ্লাইট সময় পরিবর্তন করে।
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের তথ্য সরবরাহকারী কর্মকর্তা অজিত ভৌমিক শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবকটি বিমান পরিবহন সংস্থা তাদের ফ্লাইটের সময় সূচিতে পরিবর্তন আনায় আশা করছি শুক্রবার আর বিমান চলাচলে বিলম্বিত হবে না।"
তিনি জানান, যেসব বিমান শনিবার মধ্যরাতে অবতরণ বা উড্ডয়নের কথা ছিল সেগুলো সময়ের কিছুটা আগে অথবা একটু দেরিতে অবতরণ বা উড্ডয়ন করবে।
অজিত উদাহরণ দিয়ে বলেন, "এমিরেটস এর একটি বিমান শনিবার প্রথম প্রহরে অবতরণ করার কথা থাকলেও কয়েকঘন্টা আগে শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে সেটি অবতরণ করবে।"
এছাড়া ভোরের ফ্লাইটগুলোর অবতরণ বা উড্ডয়নের জন্য সময় রাখা হয়েছে সকাল ৯টার পর।
বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে জিয়ায় বেশকটি ফ্লাইট বিলম্বিত হয়। সকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান জিয়ায় অবতরণ করতে না পেরে ব্যাংককের দিকে চলে যায়।
বাংলাদেশ বিমানের কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করে।
শুক্রবার এর আগে ফ্লাইটের সময়সূচি জানতে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের অনুসন্ধান কেন্দ্রে ফোন করা হলেও কাউকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২৩১৯ঘ.
bdnews24