২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চারদলের প্রার্থী মসিউরের বিরুদ্ধে দুর্নীতির মামলা

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহ-২ (সদর) আসনে চারদলীয় জোটের প্রার্থী ও বিএনপিদলীয় সাবেক সাংসদ মসিউর রহমানের বিরুদ্ধে রোববার বিকেলে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহ-২ (সদর) আসনে চারদলীয় জোটের প্রার্থী ও বিএনপিদলীয় সাবেক সাংসদ মসিউর রহমানের বিরুদ্ধে রোববার বিকেলে একটি মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেছেন দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোশারফ হোসেন মৃধা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, মসিউর রহমানের বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন আইনের ২৬(২) ও ২৭ (১) ধারায় মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত ৫ জুন মসিউর রহমান ও তার পোষ্যরা সাত কোটি ৭৩ লাখ ৮৫ হাজার ৯২০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দুর্নীতি দমন কমিশনে দাখিল করেন। দুর্নীতি দমন কমিশন এ হিসাব বিবরণী যাচাই-বাছাই করে মসিউরের আট কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৭১২ টাকার সম্পদের সন্ধান পায়। অভিযোগে আরও বলা হয়, মসিউর রহমান পাঁচ কোটি সাত লাখ ৫৮ হাজার ৯৮৩ টাকার সম্পদের তথ্য গোপনসহ মোট পাঁচ কোটি ৯৮ লাখ ২০ হাজার ৭৩৪ টাকা অবৈধভাবে অর্জন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০০ ঘ.