ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠিকাদার নিয়োগ জটিলতায় দীর্ঘদিন ধরে ঝুুলে থাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্র"তি দিয়েছে বিএনপি।
শনিবার রাজধানীর শেরাটন হোটেলে দলের নির্বাচনী ইশতেহার প্রকাশকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, "আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বহুল প্রতীক্ষিত ঢাকা-চট্টগ্রাম চারলেন মোটরওয়ে নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।"
যানবাহনের সংখ্যার নিরিখে প্রয়োজনের তুলনায় সরু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে বিআরটিএ-র হিসাবেই প্রতি বছর দুর্ঘটনায় ৫শর বেশি লোক প্রাণ হারায়।
এ প্রকল্পের প্রথম দরপত্রটি ডাকা হয় ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে। প্রায় সাত মাস পর কোনো কারণ না দেখিয়েই দরপত্রটি বাতিল করা হয়। দ্বিতীয়বার ডাকা দরপত্রে নয়টি ঠিকাদার প্রতিষ্ঠান বিজয়ী হলেও দশটি অংশের সবগুলোতেই সবচেয়ে বেশি দরদাতা একটি প্রতিষ্ঠানের আপত্তির কারণে বিষয়টি ঝুলে যায়।
বিএনপি ক্ষমতায় গেলে ঢাকায় পাতাল রেল বা এলিভেটেড মনোরেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার কথাও দিয়েছেন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরএইচ/এসকে/২১২৮ঘ.
bdnews24