ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বেশ কিছু শ্রেষ্ঠ বাঙালি বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে। (আরো তথ্যসহ)
পর্যবেক্ষকরা বলেন, স্বাধীন হলেও বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করতেই হত্যা করা হয় এ দেশের বুদ্ধিজীবীদের। পাকিস্তানী বাহিনী স্থানীয় সহযোগী রাজাকার,আলবদর ইত্যাদি বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বেশ কিছু বুদ্ধিজীবীকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে রায়েরবাজারে ইটের ভাটার কাছে ফেলে রাখা হয় যা পরে 'রায়েরবাজার বধ্যভূমি' হিসেবে পরিচিত হয়ে ওঠে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে।
রাজনৈতিক দলগুলোর কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল।
আওয়ামী লীগ সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে। দলের পক্ষ থেকে পৌনে ৮টায় মীরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও ৮টা ২০ মিনিটে রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া বিকেলে বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনাসভা হবে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর পক্ষ থেকে সকাল ৮টায় মীরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও ১০টায় রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সকাল ৭টায় রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতি সৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। এছাড়া বিকেল ৩টায় আলোচনাসভা, বিকেল ৪টায় সেক্টর কমান্ডারস ফোরম ও মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি রয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকাল সাড়ে ৮টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।
এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) যৌথভাবে, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশ জাতীয় হিন্দু মৈত্রী পরিষদ দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাদের রুহের মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেছেন, "বুদ্ধিজীবীরা জাতির বিবেক ও দেশের অমূল্য সম্পদ। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের বরেণ্য বুদ্ধিজীবীদের প্রজ্ঞা ও বুদ্ধিদীপ্ত অবদান আমাদের বিজয় অর্জনকে ত্বরান্বিত করে। জাতিকে মেধাহীন করার লক্ষ্যে আমাদের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে হানাদার বাহিনী পরিকল্পিতভাবে এদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীসহ বহু গুণী ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে; যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে পরিগণিত হয়।"
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেন, " ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ অবধি ইতিহাসের প্রতিটি সংকটে, প্রতিটি আন্দোলনে বুদ্ধিজীবীরা জাতিকে আলোর পথের সন্ধান দিয়েছিলেন। সেইসব সন্তানদের হত্যা করা হলেও তাদের জীবনাদর্শ, জাতির প্রতি অবদান ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত আজও সমুজ্জল রয়েছে যা অনন্তকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শেখ হাসিনা বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতির মানস ও চেতনা গঠনে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মত্যাগ বাঙালি জাতি চিরদিন স্মরণ করবে।"
মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো বাংলাদেশ এবং বাঙালি জাতির বিরুদ্ধে তৎপর রয়েছে বলেও বাণীতে উল্লেখ করেন তিনি।
বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া বাণীতে বলেন, "১৪ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে শোকাবহ দিন। তবে আমাদের শিক্ষা-সংস্কৃতিকে ধ্বংসের অপচেষ্টা এখনো অব্যাহত আছে।"
স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২০১৪ঘ.
bdnews24