ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ প্রার্থীর মনোনয়পত্র বৈধ হিসেবে গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে মনোনয়নপত্র বাতিলের ব্যাপারে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা চার প্রার্থীর রিট ফেরত দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ এসব আদেশ দেন।
বগুড়া-৪ আসনে এলডিপি প্রার্থী মাহমুদুর রহমান, ময়মনসিংহ-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবদুস সালাম, কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মাজেদা আহসান, বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ আবুল হোসেন ও সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাউয়ুম চৌধুরীর মনোনয়ন আদালত বৈধতা দিতে বলেছে।
অন্যদিকে সাবেক মন্ত্রী কাজী জাফর আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সাংসদ শহীদুল ইসলাম তালুকদার ও ফকির আশরাফের রিট ফেরত দিয়ে তাদেরকে হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি করার পরামর্শ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন মনোয়নপত্র বাতিল করে দেওয়ার পর এই নয় প্রার্থী কমিশনে আপিল করলে কমিশন সেই আপিলও খারিজ করে দেয়। এরপর তারা আদালতের দাবআরস্থ হন।
তাদের রিট আবেদনের ওপর শুনানির পর অবকাশকালীন বেঞ্চ এসব সিদ্ধান্ত দেয়।
শুনানিতে প্রার্থীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সিনিয়র অ্যাডভোকেট টিএইচ খান ও ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক।
নির্বাচন কমিশনের পক্ষে এসব রিটের বিরোধিতা করেন সিনিয়র অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম ও শাহদীন মালিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/২১৪০ ঘ.
bdnews24