মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে শনিবার সকালে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
হাজার হাজার যাত্রী চৌরাস্তা থেকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে মাওয়া ঘাটে যান নদী পারাপারের জন্য।
মাওয়া ঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিসি'র সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘন কুয়াশার কারণে ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের চাপে মাওয়া ঘাটে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যানবাহনের লাইন মাওয়া ঘাট থেকে চৌরাস্তা হয়ে তিন কিলোমিটর দূরে দোগাছি বাজার পর্যন্ত বিস্তৃত হয়।"
সকাল ১১টার পর যানজট কমতে শুরু করলে বিকেলের দিকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসে।
এছাড়া কুয়াশার কারণে একটি রো রো ফেরি যাত্রী ও পরিবহনসহ মাঝ পদ্মার ডুবো চরে প্রায় ৩ ঘণ্টা আটকে ছিল বলে আশিকুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৪০ ঘ.
bdnews24