২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া কিনতে সরকারের বিশেষ সহায়তা চান ব্যবসায়ীরা

আসন্ন কোরবানী ঈদের চামড়া মৌসুমে সরকারের বিশেষ সহায়তা চেয়েছেন এ শিল্পের ব্যবসায়ীরা। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাবে দেশের চামড়া শিল্পের 'দুর্দিন' চলছে বলে দাবি করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন কোরবানী ঈদের চামড়া মৌসুমে সরকারের বিশেষ সহায়তা চেয়েছেন এ শিল্পের ব্যবসায়ীরা। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাবে দেশের চামড়া শিল্পের 'দুর্দিন' চলছে বলে দাবি করেছেন তারা। শনিবার বিকেলে বাংলাদেশ ফিনিশড লেদার-লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) নেতারা এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান। রাজধানীর জিগাতলায় বিএফএলএলএফইএ'র প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আগে উভয় সংগঠনের সদস্যরা আসন্ন ঈদে কোরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণসহ অন্যান্য বিষয়ে সভা করেন। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, কোরবানী ঈদে চামড়ার ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ঢাকা শহরে প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা; আর ঢাকার বাইরে ২০ থেকে ২৫ টাকা। বিএফএলএলএফইএ সভাপতি রেজাউল করিম আনসারী বলেন, "বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দার কারণে আন্তর্জাতিক ক্রেতারা আগের মতো পণ্য কিনছেন না। অনেকে অর্ডার দিয়েও ডেলিভারি নিচ্ছেন না। এ কারণে দেশের চামড়া ব্যবসায়ীরা চরম দূরবস্থার মধ্যে পড়ে গিয়েছেন।" রেজাউল করিম বলেন এই মুহূর্তে দেশে ৫০০ কোটির বেশি টাকার চামড়া ও চামড়াজাত পণ্য অবিক্রিত রয়েছে। মন্দার কারণে গত চার মাসে চামড়া ব্যবসা অনেকখানি পড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানই আগের ঋণ সমন্বয় করতে পারেনি বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন. এ অবস্থায় সরকার ও ব্যাংকগুলো ব্যবসায়ীদের পাশে না দাঁড়ালে চামড়া শিল্প চরম বিপাকে পড়ে যাবে। ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনি সরকারের কাছে স্বল্প সুদে ঋণ, ইতোপূর্বে নেওয়া ঋণের সুদ কমানো, যেসব প্রতিষ্ঠান আগে নেওয়া ঋণ সমন্বয় করতে পারেনি তাদের ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধিসহ আসন্ন ঈদের জন্য আগাম ঋণ দেওয়ার দাবি জানান। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি হারুন চৌধুরী এক প্রশ্নের জবাবে বলেন, "ঈদের সময় পাড়া-মহল্লায় কিছু লোক আমাদের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে চামড়া কেনে। তারা দু'একদিনের জন্য ব্যবসায় আসে। তারা কোথাও বেশি দাম দেয়, আবার কোথাও দাম না দিয়ে মাস্তানি করে চামড়া নিয়ে যায়। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমাদের হিসাবে যা এসেছে তার বাইরে আমরা যেতে পারব না।" চামড়া কেনা নিয়ে এ ধরনের 'মাস্তানি' বন্ধে ব্যবসায়ীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে যোগাযোগ ও বৈঠক করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/২১২৯ঘ.