ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটকদের কাছে বাংলাদেশকে জনপ্রিয় করার লক্ষ্যে শুরু হলো 'কান্ট্রি ব্র্যান্ডিং' কার্যক্রম। (আরো তথ্যসহ)
শনিবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ কান্ট্রি ব্র্যান্ডিং এর লোগো ও থিম 'রূপময় বাংলাদেশ' এর উদ্বোধন করেন।
কান্ট্রি ব্র্যান্ডিং এর স্লোগান করা হয়েছে 'বিউটিফুল বাংলাদেশ' এবং লোগো সাগরের উত্তাল ঢেউয়ের ওপর পূর্ণ সূর্য।
উদ্বোধনী অনুষ্ঠানে ফখরুদ্দীন আহমদ বলেন, "দেশের উন্নয়ন বিশ্ব দরবারে দেশকে তুলে ধরার ওপরও নির্ভর করে। পর্যটন খাত এমন একটি খাত যার মাধ্যমে দেশকে সহজেই বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়।"
বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, "আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভের জন্য প্রয়োজন সবার দৃষ্টি আকর্ষণ করে এমন সম্পদের। সেবা ও আকর্ষণীয় কিছুর মাধ্যমেই এটি সম্ভব।"
তিনি বলেন, "বিনিয়োগ বান্ধব পরিবেশের নিশ্চয়তা, দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সফলভাবে তুলে ধরতে পারলে আমাদের দেশ সম্পর্কে বিশ্ববাসী জানতে আগ্রহী হয়ে উঠবে।"
অনুষ্ঠানের শুরুতেই ছিল সঙ্গীতের ছন্দে আগুন নিয়ে ব্যতিক্রমী নৃত্য। এছাড়া ব্যান্ড শিল্পী আইয়ূব বাচ্চুর 'বাংলাদেশ' গানটি বাজানো হয় অনুষ্ঠানে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও তার বেসামরিক বিমান চলাচল বিষয়ক সহকারী মাহবুব জামিলের বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে লেজার আলোর খেলার মধ্য দিয়ে মঞ্চের পর্দায় ফুটিয়ে তোলা হয় লোগোটি।
কান্ট্রি ব্র্যান্ডিংয়ের লোগো ও থিম নির্ধারণ করেছেন শিক্ষাবিদ বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবদুল্লাহ আবু সাইয়িদ, শিল্পী হাশেম খান, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শফিক আলম মেহেদী।
অনুষ্ঠানে এই চারজনকে ক্রেস্ট উপহার দেন উপদেষ্টা।
বিভিন্ন দেশ পর্যটন শিল্প বিকাশের জন্য বিশ্বে তাদের জাতীয় পরিচয় তুলে ধরতে যে প্রচার কর্মসূচি চালায় সেটাই মূলত কান্ট্রি ব্যান্ডিং। ব্র্যান্ডিং প্রচার প্রতিষ্ঠান ফিউচার ব্র্যান্ড পরিচালিত সূচকে ২০০৮ সালের শীর্ষ 'কান্ট্রি ব্র্যান্ড' অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/ডিডি/এএল/এসকে/২১৩৫ঘ.
bdnews24