ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানির প্রথম দিন শনিবার বিভিন্ন দলের ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এবং দুই কমিশনার মুহম্মদ ছহুল হুসাইন ও এম সাখাওয়াত হোসেন শুনানিতে অংশ নিয়ে এসব মনোনয়নপত্রের বৈধতা দেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) একেএম সলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১০টা পর্যন্ত ৮০টি আপিল আবেদনের ওপর শুনানি হয়েছে। এর মধ্যে বৈধ ঘোষিত হয়েছে ৩০টি, স্থগিত ১৬টি এবং ২৭টি নামঞ্জুর হয়েছে। এছাড়া সাতটির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।"
তিনি জানান, শনিবার পর্যন্ত মোট ২৬৮টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৈধ ঘোষিত ৩৫টি মনোনয়নের ব্যাপারে আপত্তি জানিয়ে আপিল আবেদনও রয়েছে।
সলিমুল্লাহ বলেন, "আজ হলফ নামায় অসঙ্গতি নিয়ে ২৪টি, বিল খেলাপির ১৪টি, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অমিলের বিষয়ে ১৯টি এবং অন্যান্য কারণে বাতিল হওয়া ১৬টি মনোনয়নপত্রের ব্যাপারে আপিলের শুনানি হয়েছে।"
রোববার সন্ধ্যা ৫টা পর্যন্ত আপিল করার সময় রয়েছে বলে জানান তিনি।
শনিবার সন্ধ্যা পর্যন্ত যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে তারা হলেন-
কুমিল্লা-২ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (জাপা)
ঝালকাঠি-১ রফিকুল ইসমলাম (বিএনপি)
ঝালকাঠি-১ মাহে আলম (স্বতন্ত্র)
ফরিদপুর-১ আসনের কাজী সিরাজুল (স্বতন্ত্র)
রংপুর-৩ মো. সায়েদ আলী (কৃষক শ্রমিক লীগ)
ঢাকা-৭ সারোয়ার হোসেন (জেপি)
কুড়িগ্রাম-৪ মো. লুৎফর রহমান (জেপি)
পিরোজপুর-১ আসনের তপন কুমার মিত্র (কল্যাণ পার্টি)
ঢাকা-৮ একেএম এরফান (ইসলামী আন্দোলন)
ঢাকা-৪ মো. শফিকুর (কল্যাণ পার্র্টি)
ঢাকা-৪ মো. আক্তার হাজী (জেএসডি)
ঢাকা-৮ মো. জহিরুল (জাপা)
গাইবান্ধা-১ বীরেন চন্দ্র শীল (বাসদ)
লালমনিরহাট-১ মো. মকবুল (বিকল্পধারা)
গাইবান্ধা-৩ আবুল কাওসার (জামায়াত)
ঝালকাঠি-১ এম মঞ্জুর আলম (জাপা)
পাবনা-৪ ছোলেমান প্রামাণিক (এনপিপি)
ঝালকাঠি-১ মো. রুবেল (জেপি)
পাবনা-৪ মাওলানা আব্দুল হাকিম (ইসলামী আন্দোলন)
ঝালকাঠি-১ মো. মঈনুল (ইসলামী আন্দোলন),
ঝিনাইদহ-৩ মো. নবী নেওয়াজ (আওয়ামী লীগ)
ঢাকা-৪ ও ৫ মো. সফর আলী (গণফোরাম)
চাঁদপুর-১ একেএসএম (জাপা)
বরিশাল-৩ মাস্টার আনছার (খেলাফত মজলিশ)
ঝিনাইদহ-৩ সাজ্জাতুল জুম্মা (স্বতন্ত্র)
চাঁদপুর-২ আবু বকর সিদ্দিক (গণ ফোরাম)
ফরিদপুর-৪ মো. সামসুদ্দিন (ইসলামী শা. আন্দোলন)
সিলেট-২ মুহিবুর রহমান (স্বতন্ত্র)
এবং গাইবান্ধা-৩ মো. ইউনুস আলী (স্বতন্ত্র)
শুনানি শেষে উল্লিখিত প্রার্থীরা সাংবাদিকদের জানান, আপিলের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ বলে স্বীকৃতি দিয়েছে।
পরে নির্বাচন কমিশন এই ৩০ প্রার্থীর একটি তালিকা প্রকাশ করে।
নবম সংসদ নির্বাচনের জন্য ২ হাজার ৪৫৬ জন মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাইয়ের পর ৫৫৭ জনের আবেদনপত্র বাতিল করে কমিশন। এর মধ্যে শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয় ঋণ ও বিল খেলাপের কারণে।
দলভিত্তিক হিসাবে জাতীয় পার্টির সবচেয়ে বেশি প্রার্থীর (৫৯টি) মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া বিএনপি'র ৫২, আওয়ামী লীগের ৩৫ এবং জামায়াতের ৩ জন প্রার্থীর মনোয়নপত্র বাতিল করে কমিশন।
এসব প্রার্থীর আপিল আবেদনের ওপরই বর্তমানে শুনানি চলছে। শুনানি শেষে বৈধ প্রার্থীর সঠিক সংখ্যা কমিশন ঘোষণা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/জেকে/এসকে/২৩৫০ ঘ.
bdnews24