২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কামাল ইউসুফকে চারদলের প্রার্থী করার দাবিতে মহিলা দলের সমাবেশ

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফকে চারদলের প্রার্থী করার দাবি জানিয়েছে জেলা মহিলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ফরিদপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফকে চারদলের প্রার্থী করার দাবি জানিয়েছে জেলা মহিলা দল। মহিলা দলের নেতারা এ আসনে চারদল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে প্রার্থী না করার দাবি জানিয়েছেন। শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের এক সমাবেশে এসব দাবি জানানো হয়। জেলা মহিলা দলের সহ-সভানেত্রী শাহনাজ সুলতানার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিলকিস ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান পলাশ, দেলোয়ার হোসেন, মহিলা দল নেত্রী মনোয়ারা বেগম, আসমা আক্তার, রাবেয়া বেগম প্রমুখ। চারদলীয় জোটের মনোনয়ন না পেয়ে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাকে চারদলীয় জোট থেকে মনোনয়নের দাবিতে গত ৩০ নভেম্বর থেকে জেলা বিএনপি ও বিএনপি সমর্থক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৮ ঘ.