ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এস এস সি তে জি পি এ- ৫ প্রাপ্ত পাঁচশ দরিদ্র শিক্ষার্থীকে দু' বছরের জন্যে প্রধান উপদেষ্টা বৃত্তি দেওয়া হবে ।
প্রতিটি জেলা থেকে বাছাইকৃত ৫০০ শিক্ষার্থীকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৃত্তি হাতে তুলে দেওয়া হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ তহবিল থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে দু'বছর এ বৃত্তি দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সঙ্কট লাঘব এবং পড়ালেখায় মনোযোগ দেওয়ার জন্যে এ বৃত্তি তাদের সাহায্য করবে বলে সরকার আশা প্রকাশ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের সব জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং একজন এনজিও প্রতিনিধির সমন্বয়ে গঠিত বাছাই কমিটি এ শিক্ষার্থীদের বাছাই করেছে। অস্বচ্ছল পরিবারের এস এস সি তে জি পি এ ৫ পাওয়া ২৩২ জন ছাত্র এবং ১৯১ জন ছাত্রী এ বৃত্তি পাচ্ছে। এছাড়া দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৪৭ জন ছাত্র এবং ৩০ জন ছাত্রী এ তহবিলের বৃত্তি পাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১১৩ঘ.
bdnews24