২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া এনার্জিকে 'বিতাড়ন' ও ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নের দাবি

এশিয়া এনার্জিকে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে 'বিতাড়ন' এবং 'ফুলবাড়ি চুক্তি' বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া এনার্জিকে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে 'বিতাড়ন' এবং 'ফুলবাড়ি চুক্তি' বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। পাশাপাশি বহুজাতিক তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানিগুলোর সঙ্গে সম্পাদিত সব 'অসম' উৎপাদন-বণ্টন চুক্তি বাতিল করারও দাবি জানানো হয়। বুধবার সকালে রাজধানীর 'মুক্তি ভবনে' কমিটির এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, "এশিয়া এনার্জিকে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে বিতাড়ন করতে হবে এবং ২০০৬ সালের ৩০ আগস্ট সম্পাদিত ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন করতে হবে। এছাড়া তেল-গ্যাস উত্তোলনে অতীতের সব চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে। জাতীয় স্বার্থের পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ ও জনস্বার্থ নিশ্চিত করার মাধ্যমে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য জ্বালানি সম্পদের সর্বোত্তম মিশ্রণ ঘটিয়ে একটি জ্বালানি নীতি প্রণয়ন করতে হবে।" তেল-গ্যাস উত্তোলনে জাতীয় সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়ে প্রকৌশলী শহীদুল্লাহ বলেন, "যারা অন্যায়ভাবে অযোগ্য, অনভিজ্ঞ ও দুর্বল বহুজাতিক কোম্পানিকে কাজ দিয়ে গ্যাসক্ষেত্রে বিপর্যয় (মাগুরছড়া, টেংরাটিলা) ঘটিয়েছে তাদেরকে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। গ্যাস পোড়ানোসহ পরিবেশ ও অন্যান্য খাতের ক্ষতিপূরণ আদায় করতে হবে।" তিনি জালালাবাদ গ্যাসক্ষেত্রের মালিকানা যারা পেট্রোবাংলার কাছে থেকে 'বিনামূল্যে ইউনিকল/শেভরনকে হস্তান্তর' করেছেন তাদের বিচার দাবি করেন।' তেল-গ্যাস অনুসন্ধানের জন্য শুধু জাতীয় সংস্থাগুলোকে দায়িত্ব দিয়ে সেগুলোকে যথেষ্ট পুঁজি ও যন্ত্রপাতি সরবরাহ করার দাবি জানানো হয় সম্মেলনে। লিখিত বক্তব্যে আরো বলা হয়, বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূমি দেবে যাওয়া ও এর কারণে সেখানে অবস্থিত স্থাপনাতে ফাটল যে হচ্ছে তা রোধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। উত্তোলিত বাড়তি কয়লা ব্যবহারের জন্য অতি দ্রুত নতুন বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের কাজ বাস্তবায়ন করারও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ, নুর মোহাম্মদ, সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, প্রকৌশলী ইনামুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/২০৪৯ঘ.