ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সতর্কীকরণ, বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রেখে 'উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা ২০০৮' খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
নীতিমালা প্রণয়ন উপ কমিটি আগামী ৭ ডিসেম্বর চূড়ান্ত খসড়াটি আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়রানি ও যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। ..প্রাথমিকভাবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হলো। পরবর্তীতে অন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রয়োজনে কর্মক্ষেত্রেও এটা প্রয়োগ করা যেতে পারে।"
উপদেষ্টা জানান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী নীতিমালায় চারটি গ্র"পকে চিহ্নিত করা হয়েছে। এরা হলেন- শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি ও আবাসিক হল সংশ্লিষ্টরা। এদের মধ্যে প্রাথমিকভাবে সচেতনতা ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রচারণা শুরু করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।
প্রচলিত যৌন নিপীড়ন বা নির্যাতন আইনের সঙ্গে প্রস্তাবিত নীতিমালার সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "বিদ্যমান আইন, অধ্যাদেশ বা নীতিমালার যথাযথ বাস্তবায়ন সম্ভব না হওয়ায় নতুন এ নীতিমালা করা হয়েছে। এতে সাংঘর্ষিক কিছু হওয়ার সুযোগ নেই।"
চূড়ান্ত খসড়ায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন রোধে একটি করে 'নিরোধ কেন্দ্র 'স্থাপনেরও সুপারিশ করা হয়েছে। খসড়াটি চূড়ান্ত অনুমোদনের পর বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষই অভিযোগের প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া ও অপরাধের মাত্রার ওপর ভিত্তি করে শাস্তি নির্ধারণ করবেন। প্রস্তাবিত নিরোধ কেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতিনিধি ছাড়াও স্বরাষ্ট্র, শিক্ষা ও এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থার প্রতিনিধি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সভায় সচিব মমতাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২০১৯ঘ.
bdnews24