২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনায় বোমা হামলার মামলায় ১০ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

রমনায় বোমা হামলার মামলায় পলাতক ১০ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক সোমবার এ নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনায় বোমা হামলার মামলায় পলাতক ১০ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক সোমবার এ নির্দেশ দেন। আগামী ২৯ ডিসেম্বর এ পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন জমা দিতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পরোয়ানাভুক্ত ১০ আসামির মধ্যে সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনও রয়েছে। এ মামলার আসামি হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ চার জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। ২০০১ সালের ১৪ এপ্রিল (১ বৈশাখ) রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় হামলাকারী সুজনসহ ১০ জন নিহত হয়। ঘটনার প্রায় আট বছর পর রোববার ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। একই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেওয়ায় এটি এখন দুটি মামলায় পরিণত হয়েছে। হত্যা মামলায় হাকিম এনামুল হক সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পলাতক আসামিরা হচ্ছে- মাওলানা তাজউদ্দিন, ওসমান ওরফে শেখ ফরিদ, শফিকুর রহমান শফিক, মাওলনা আকবর হোসেন, শাহাবত উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা মো. সাব্বির, হাফেজ আবু ববর, মাওলানা ইয়াহিয়া, মুফতি আবদুল হাই ওরফে আবু নাঈম এবং জাহাঙ্গীর বদর। কারাগারে থাকা আসামিরা হচ্ছে- মুফতি হান্নান, রউফ, আবু তাহের ও সুমন। তদন্তে বোমা হামলায় মোট ২২ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলেও আট জনের পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদের আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫৪২ ঘ.