খুলনা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার কয়রা উপজেলার ১৩টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ গত দু'মাস ধরে পানিবন্দি রয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- দক্ষিণ বেদকাশি ইউনয়নের আংটিহারা, উত্তর বেদকাশি, দক্ষিণ বেদকাশি, খাসিটানা, জোড়শিং, হড্ডা ও ঘড়িয়াল।
বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের এলাকাবাসী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুর রহমান।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৬ সেপ্টেম্বর উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা, খাসিটানা ও জোরশিং গ্রামের ছয়টি পয়েন্টে ওয়াপদার বাঁধ ভেঙে গ্রামগুলো লবণাক্ত পানিতে প্লাবিত হয়।
ওয়াপদার চারটি স্লুইস গেট অকেজো হয়ে পড়েছে। জোড়শিং গ্রামের একমাত্র লঞ্চঘাট ও চারটি খেয়াঘাট ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। উপজেলার ১৪ কিলোমিটার ইট বিছানো এবং ১৮ কিলোমিটার কাঁচা রাস্তা পানিতে নষ্ট হয়েছে।
বাঁধ ভাঙা পানির তোড়ে ১৩টি গ্রামের প্রায় চার হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। গৃহহীন ২০ হাজার মানুষ উঁচু রাস্তা, সাইক্লোন সেন্টার ও স্কুলে আশ্রয় নিয়েছে।
দক্ষিণ বেদকাশি ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষ এলাকা ছেড়ে আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
একদিকে প্রচণ্ড শীত, আরেক দিকে বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে এসব এলাকার মানুষ চরম দুর্দশা ভোগ করছে। ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নলকূপগুলো পানিতে ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কয়েক কিলোমিটার দূরের নলকূপ থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। প্লাবিত গ্রামগুলোর ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ রয়েছে।
গত দু'মাস ধরে এসব গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করলেও সমাধানের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোপূর্বে পাউবো রাস্তার যে কাজ করেছে তা দরপত্র অনুযায়ী না হওয়ায় রাস্তাসহ বাঁধ ভেঙে গেছে। পাউবো'র কর্মকর্তাদের গাফিলতির কারণে গ্রামবাসীর এ দুরবস্থা বলেও অভিযোগ করা হয়।
তারা দ্রুত বাঁধ মেরামত করে পানিবন্দি মানুষকে রক্ষার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দক্ষিণ বেদকাশি ইউপি সদস্য ওসমান গণি ও বেলাল হোসেন, ঘের ব্যবসায়ী জাবেদ হাসান, মো. নাসিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৬৪৩ ঘ.
bdnews24