পটুয়াখালী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৩ দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী-কর্মচারীরা বৃহস্পতিবার সকালে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছে। (আরও তথ্যসহ)
এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য ড. হারুন অর রশিদসহ বেশ কয়েকজন শিক্ষক। সকাল ১০টা থেকে তারা এখনও অবরুদ্ধ রয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান।
সন্ধ্যায় ৬টার দিকে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরঞ্জন দেবনাথ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাফর হোসেন ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিশ্ববিদ্যালয়ে যান। তারা উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছেন। তবে ছাত্ররা প্রশাসনিক ঘেরাও করে অবস্থান করছে।
ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপাচার্য এখনও অবরুদ্ধ আছেন। তার সঙ্গে বৈঠক করে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা।
শিক্ষার্থী ও কর্মচারীরা যৌথভাবে ১৩ দফা দাবিতে আন্দোলন করে আসছে। শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে- বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে প্রয়োজনীয় সংখ্য শিক্ষক নিয়োগ, শিক্ষা সফর বাস্তবায়ন, এমবিএ কোর্স ও ইন্টার্নশিপ চালু।
অপরদিকে এডহক ভিত্তিতে কর্মরত কর্মচারীদের স্থায়ী নিয়োগসহ বিভিন্ন দাবি জানিয়েছে কর্মচারীরা।
স্থানীয় দুজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টায় সব অনুষদের শিক্ষার্থীরা ক্লাশ ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেয়। তারা তালা ঝুলিয়ে দেয় একাডেমিক ভবনসহ সব ভবনে।
একইসঙ্গে কর্মচারীরা কাজ বন্ধ করে দেওয়ায় অ্যাম্বুলেন্স, পানি-বিদ্যুৎসহ সেবা ইউনিটগুলোরও অচল হয়ে পড়েছে। ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে বলেও তারা জানান।
ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে উপাচার্য ড. হারুন অর রশিদের সঙ্গে কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৭ ঘ.
bdnews24