২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল আজিজ নতুন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন মো.আব্দুল আজিজ। তিনি দেশের ১৯ তম মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার দুপুরে সংস্থাপন মন্ত্রণালয় আব্দুল আজিজকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া সংক্রান্ত এক আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 08:34 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন মো.আব্দুল আজিজ। তিনি দেশের ১৯ তম মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার দুপুরে সংস্থাপন মন্ত্রণালয় আব্দুল আজিজকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া সংক্রান্ত এক আদেশ জারি করে। বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের চাকরির মেয়াদ শুক্রবার শেষ হবে। ওইদিন সাপ্তাহিক ছুটি থাকায় তিনি বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে তার সহকর্মীদের কাছে থেকে বিদায় নেন। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব বুঝে নেবেন বলে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মো. আব্দুল আজিজ। বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রথম হওয়া ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা মো. আব্দুল আজিজ মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ার আগে কৃষি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এর আগে তিনি পানি সম্পদ ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য পদের দায়িত্ব পালন করেন। ২০০৫ সালের ২৮ জুলাই আব্দুল আজিজ সচিব পদে পদোন্নতি পান। অবশ্য সচিব পদে পদোন্নতি পাওয়ার প্রায় ছয় মাস আগ থেকেই তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর তিনি চাকরি থেকে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাবেন। ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকার ২০০৬ সালের ৬ ডিসেম্বর সদ্য বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে এ পদে নিয়োগ দেয়। গত বছরের নভেম্বরে আলী ইমাম মজুমদারের নিয়মিত চাকরির মেয়াদ শেষ হলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার চুক্তিতে তাকে পুনরায় এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/এমকে/জিএনএ/১৪২২ ঘ.