ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সঙ্গে পূর্বাচল উপ-শহর প্রকল্পের ১৪ কিলোমিটার সংযোগ সড়কের উদ্বোধন হবে আগামী ১৬ ডিসেম্বর। একই দিনে পূর্বাচলের প্রবেশপথে কুড়িল বিশ্বরোডে তিন কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত সচিব এএসএম রশিদুল হাই বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব জানান, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সংযোগ সড়ক এবং ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করতে পারেন। তিনি সময় করতে না পারলে উদ্বোধন করবেন পূর্ত উপদেষ্টা গোলাম কাদের।
সচিব জানান, রাজউকের অর্থায়নে ওই ফ্লাইওভার নির্মাণে ব্যয় হবে ৩০৬ কোটি টাকা। প্রকল্পের কাজ পুরোদমে শুরু হবে আগামী বছর মার্চে।
রশিদুল হাই বলেন, "কুড়িল বিশ্বরোডের রেলক্রসিং সামনে রেখে প্রায় ১২ একর জমির ওপর ফ্লাইওভারটি নির্মাণ করা হবে। এতে ওই ক্রসিংয়ে প্রতিদিন আটকা পড়ে নষ্ট হওয়া প্রায় পাঁচ ঘণ্টার কর্মসময় বেঁচে যাবে।"
প্রয়োজনীয় ১২ একর জমির মধ্যে ১০ একর বাংলাদেশ রেলওয়ের। বাকি জমি মালিকদের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছে।
তিন দশমিক ০৫ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারের উচ্চতা হবে ৪৮ ফুট এবং প্রস্থ হবে আট দশমিক নয় মিটার। ফ্লাইওভারের ১০টি প্রবেশপথ থাকবে। সে অনুযায়ীই এর ট্রাফিক ব্যবস্থা সাজানো হবে বলে সচিব জানান।
বিজয় সরণি সংযোগ সড়ক সম্পর্কে রশিদুল হাই জানান, ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টা এ সড়কের উদ্বোধন করবেন। তবে এটি যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে আগামী ২৬ মার্চ।
তিনি জানান, এ সড়কের তেজগাঁও অংশে রেললাইনের ওপর একটি ওভারপাসের কাজ চলছে। এ কাজ শেষ হতে আগামী মার্চ পর্যন্ত সময় লাগবে। ওভারপাসের নির্মাণ কাজ শেষ হলেই সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/২১১১ঘ.
bdnews24