২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগেভাগেই কাজ শেষ করতে চায় ট্রুথ কমিশন

আগামী জানুয়ারি পর্যন্ত মেয়াদ থাকলেও আগেভাগেই কাজ শেষ করতে চাইছে ট্রুথ কমিশন। কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, "আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কমিশনের মেয়াদ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারি পর্যন্ত মেয়াদ থাকলেও আগেভাগেই কাজ শেষ করতে চাইছে ট্রুথ কমিশন। কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, "আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কমিশনের মেয়াদ রয়েছে। আপিল বিভাগের এক মাসের স্থগিতাদেশের মেয়াদ রয়েছে ১৬ ডিসেম্বর পর্যন্ত। আমরা ওই সময়ের মধ্যেই দায়িত্ব শেষ করতে চাই।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আদালত স্থগিতাদেশের মেয়াদ বাড়ালে বাড়তি সময়ে কমিশন অন্যান্য দায়িত্ব শেষ করবে। তবে হাইকোর্টের রায় বহাল থাকলে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ পেলে আমি এ পর্যন্ত নেওয়া সন্মানী, ভাতা সবই ফেরত দেব।" হাইকোর্ট গত ১৩ নভেম্বর 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ'কে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করলে আপিল বিভাগ ১৬ নভেম্বর তা একমাসের জন্য স্থগিত করে। চেয়ারম্যান জানান, এ পর্যন্ত কমিশনে আসা ৪৮১টি মামলার মধ্যে ৩২৭টির শুনানি হয়েছে। আর ১৭০ জনকে 'মার্জনাপত্র' দেওয়া হয়েছে। তিনি জানান, অপরাধ স্বীকারকারীদের এ পর্যন্ত ৩১ কোটি ৪৯ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার মধ্যে ১৬ কোটি ৯ লাাখ ৯৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে। গত ৩ আগস্ট কাজ শুরু করার পর ৫৪ কার্য দিবসে কমিশন এসব কাজ শেষ করেছে বলে চেয়ারম্যান জানান। রাজনীতিক বা এরকম শীর্ষ পর্যায়ের তেমন কেউ বহুল প্রচারিত ট্রুথ কমিশনে অপরাধ স্বীকার করে ক্ষমা না চাওয়ায় কমিশন প্রধান প্রকাশ্যেই বেশ কয়েকবার হতাশা প্রকাশ করে আক্ষেপ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/২১০৮ঘ.