মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অগ্রহায়ণ মাসের ১২ দিন চলে গেছে। প্রকৃতির হিসাবে হেমন্ত শেষ পর্যায়ে। শীতের আগমণ জানান দিতে কমে আসছে দিনের দৈর্ঘ্য। বিকালের পরপরই ঝুপ করে নেমে আসছে সন্ধ্যা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শীত আসছে। তবে ধীরে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের তীব্রতা বাড়বে। বর্তমানে শেষ রাতের তাপমাত্রা ধীরে ধীরে নেমে আসছে। আবার বৃষ্টি হলে বা আকাশ মেঘলা থাকলে তাপমাত্রা বেড়ে যাবে।
আবহাওয়া অধিদপ্তরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময়টাতে আমাদের এখানে তাপমাত্রা ধীরে ধীরে কমে। সে কারণে শীতের অনুভূতি ধীরে ধীরেই বাড়তে থাকে।"
ডিসেম্বরের শেষ নাগাদ বা জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে জানালেন আবহাওয়াবিদ সুজিত শর্মা। বললেন, সাধারণত এ সময়েই শীতের তীব্রতা বাড়ে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় এখন ভারতের উত্তর প্রদেশ ও বিহার পর্যন্ত অবস্থান করছে। মাঝে মাঝে বাংলাদেশ এসে পর্যন্ত এসে পৌঁছলেও আবার ফিরে যাচ্ছে। বাংলাদেশের ওপর দিয়ে উত্তর-উত্তরপূর্ব বা উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু শক্তিশালী হলেই শীতের অনুভূতি বেড়ে যায়।
সুজিত শর্মা বলেন, দিনপঞ্জীর হিসাবে ২৩ ডিসেম্বর সবচেয়ে ছোট দিন হওয়ার এ দিন সূর্য সবচেয়ে দূরে থাকে। এ দিনে তাই শীত বেশি অনুভূত হওয়ার কথা। তবে এ দেশের শীতের চরিত্র অনুসারে তীব্র শীত আসতে এরপরও ৪/৬ সপ্তাহ লেগে যায়। তবে কোনও পশ্চিমা লঘুচাপ সৃষ্টি না হলে শীত এবার একটু আগেই আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাইরের তুলনায় শীত যেখানে সাধারণত কমই থাকে সেই রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি নভেম্বর মাসে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস কম! দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. সাদেকুল আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২/১ দিনে শীত একটু বেড়েছে। শেষ রাতে শীতের অনুভূতি বেশি হচ্ছে।"
সারাদেশেই কমবেশি স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা ছিল বলে জানান সাদেকুল আলম। চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২/৩ ডিগ্রি কম ছিল। রাজশাহী বিভাগে এ সময়ের স্বাভাবিক তাপমাত্রা ছিল।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, শীতের কারণে দেশের নদী অববাহিকা এলাকাগুলোতে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০৩৯ঘ.
bdnews24