ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
বুধবার বেলা আড়াইটায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে ইউনাইটেডের প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় এবং পৌনে চারটায় সেখান থেকে ছেড়ে আসে।
যাত্রী না থাকার যুক্তি দেখিয়ে জাতীয় সংস্থা বিমান গত বছরের ফেব্র"য়ারি থেকে ফ্লাইট চালানো বন্ধ করে দিলেও সেই থেকে এ নিয়ে দুটি বেসরকারি বিমান সংস্থা এ রুটে ফ্লাইট চালু করলো।
নতুন ফ্লাইট উদ্বোধন করে ইউনাইটেড এয়ারওয়েজ চেয়ারম্যান ক্যাপ্টেন তাসবীরুল আহমেদ চৌধুরী বলেন, "যোগাযোগের সুবিধার্থে আমরা বাংলাদেশের সব রুটেই ফ্লাইট পরিচালনা করতে চাই।"
উন্নত সেবার মান ও দক্ষ জনবলের কারণে যাত্রা শুরুর একবছরের মধ্যেই ইউনাইটেড এয়ারওয়েজ অভ্যন্তরীণ রুটে 'বাংলাদেশের লিডিং প্রতিষ্ঠানে' পরিণত হয়েছেন দাবি করে ক্যাপ্টেন চৌধুরী বলেন, "অভ্যন্তরীণ রুটে বছরে প্রায় সাড়ে তিন লাখ যাত্রী চলাচল করে। এর ৪০ শতাংশই বহন করি আমরা।"
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, সপ্তাহে তিন দিন (শনি, সোম, বুধবার) ঢাকা-সৈয়দপুর রুটে একটি করে ফ্লাইট চালাবে ইউনাইটেড। একমুখী ভ্রমণের জন্য ভ্যাটসহ ৫৪৯৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে উদ্বোধন উপলক্ষে তিন হাজার টাকায় ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।
৯৫ ভাগ প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগে পরিচালিত ইউনাইটেড এয়ারওয়েজ ২০০৭ সালের ১০ জুলাই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-যশোর, ঢাকা-বরিশাল ও ঢাকা-কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করছে তারা। এয়ারলাইন্সটির কানাডার ড্যাশ-৮-১০০ মডেলের ৩৭ সিটের দুটো উড়োজাহাজ রয়েছে।
গত বছরের ১৯ ফেব্র"য়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট চালানো বন্ধ করে দেয়। এরপর গত ২৬ আগস্ট থেকে প্রবাসীদের বিনিয়োগে পরিচালিত দেশের আরেকটি বেসরকারি বিমান সংস্থা রয়েল বেঙ্গল এয়ারলাইন্স এ রুটে আবার ফ্লাইট পরিচালনা শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৯৩৭ঘ.
bdnews24