নীলফামারী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় এক মহিলাকে মৃত্যুদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তিন মহিলাকে।
নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ মুহাম্মদ লুৎফুর রহমান বুধবার এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সৈয়দপুর উপজেলার চওড়া সর্দারপাড়া এলাকায় ফিরোজা বেগমকে (৩৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- এলাচি বেগম(৫৫), রশিদা বেগম (২৫) ও নার্গিস বেগম (৩৫)।
এলাচি বেগম ফাঁসির আদেশ প্রাপ্ত ফিরোজার মা। অপর দুই জন ফিরোজার ভ্রাতৃবধূ।
একই এলাকার ইয়াছিন আলীকে হত্যার দায়ে তাদের দণ্ডাদেশ হয়। সাজাপ্রাপ্তরা সবাই নীলফামারী জেলা কারাগারে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা নিয়ে সর্দারপাড়া এলাকার ইয়াছিন আলীর সঙ্গে একই এলাকার জিবির উদ্দিনের বিরোধ ছিল। এর জের ধরে ২০০৬ সালের ১৩ অক্টোবর দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় ইয়াছিন।
ইয়াছিনের ছেলে মিজানুর রহমান ঘটনার দিনই জিবির উদ্দিনের স্ত্রী এলাচি বেগমসহ দণ্ডিত চার জনের বিরুদ্ধে থানায় মামলা করে।
তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন।
১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার মামলার রায় হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24