২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিয়াকত গ্রেপ্তার, র‌্যাব বলছে 'না'

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) বুধবার ভোরে অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও বহিস্কৃত যুবলীগ নেতা লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) বুধবার ভোরে অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও বহিস্কৃত যুবলীগ নেতা লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা হোসেন। তবে র‌্যাব বলছে, এ নামের কাউকে গ্রেপ্তার করেনি তারা। কয়েকটি জাতীয় ও আার্ন্তজাতিক মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বন্দুকযুদ্ধের নাম করে র‌্যাব বিনাবিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই তারা হত্যাকাণ্ডের শিকার ব্যাক্তিকে আটকের কথাও স্বীকার করেনা বলে অভিযোগ রয়েছে। তালিকাভূক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম লিয়াকত ২০০৩ সালের ১ অক্টোবর সর্বশেষ গ্রেপ্তার হন এবং গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান। লিয়াকতের স্ত্রী ফারহানা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর পৌণে ছয়টার দিকে ধানমণ্ডি ২৭ (পুরাতন) নম্বর রোডের ৪০৫ নম্বর ভবনের চার তলার এ-থ্রি ফ্ল্যাটে অস্ত্রসহ সাদা পোশাকধারী ৬/৭ জন ব্যক্তি আসেন। এসময় তাদের সঙ্গে ভবনের কেয়ারটেকারও ছিল।" ফারহানার বাবা দরজা খুলে দিলে তারা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে লিয়াকত কোন কক্ষে থাকে তা জানতে চায়। "লিয়াকতের কক্ষের দরজায় আঘাত করতেই দরজা খুলে গেলে দ্রুত তার মুখে স্কচটেপ লাগিয়ে এবং হাত পিছমোড়া করে বেঁধে দ্রুত একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে চলে যায়।"- বলেন ফারহানা। তার অভিযোগ,এসময় সাদা পোশাকধারীরা ৫টি মোবাইল সেটও নিয়ে যায়। লিয়াকতকে আটক করার ব্যাপারে জিজ্ঞেস করা হলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ নামের কাউকে গ্রেপ্তার করা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/জিএনএ/১৫৪০ ঘ.