ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহাবুব তিন্নি হত্যা মামলায় সাবেক সাংসদ গোলাম ফারুক অভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকা জেলার মুখ্য বিচারিক আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় পার্টি নেতা গোলাম ফারুক অভি দীর্ঘদিন থেকেই পলাতক।
রবীন্দ্র নারায়ণ সাহা জানান, গত ১৫ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক ঢাকা জেলার মুখ্য বিচারিক আদালতে তিন্নি হত্যা মামলার অভিযোগপত্র জমা দেন। মঙ্গলবার বিকেলে অভিযোগপত্রটি গ্রহণ করে অভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
২০০২ সালের ১১ নভেম্বর বাদামতলী এলাকায় বুড়িগঙ্গা সেতুর নিচে পিলারের পাশ থেকে পুলিশ তিন্নির লাশ উদ্ধার করে। প্রথমে অজ্ঞাত হিসেবে লাশ মিটফোর্ড মর্গে পাঠানো হয়। পরে দাতব্য সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম অজ্ঞাত হিসেবে লাশটি দাফন করে।
পত্রিকায় এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন বের হলে তিন্নির স্বজনরা লাশটি সনাক্ত করে। এ বিষয়ে তখন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরে এটিকে হত্যা মামলা হিসেবে আমলে নিয়ে সিআইডিকে তদন্তভার দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এএল/এসকে/২১০৭ঘ.
bdnews24