ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিনগরে মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
কর্ণফুলী গার্ডেন সিটির দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রদের ওই সংঘর্ষ হয়। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর হয়। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় মালিবাগ-কাকরাইল সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। নগরীর অন্যতম ব্যস্ত ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় অন্য সড়কগুলোতে দেখা দেয় যানজট।
ব্যবসায়ীরা পুলিশের কাছে অভিযোগ করেছে, মার্কেটে আসা নারীদের উত্যক্ত করতে বাধা দেওয়ায় ছাত্ররা কর্মচারীদের মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়। কলেজ প্রশাসন বলছে, ওই ঘটনার মীমাংসার জন্য শিক্ষকরা মার্কেটে গেলে দোকান মালিক ও কর্মচারীরা তাদের অপমানিত করে। এতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়।
রমনা থানার উপপরিদর্শক শাহরিয়ার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টার দিকে কয়েকজন ছাত্রের সঙ্গে মার্কেটের কর্মচারীদের কথা কাটাকাটি এবং হাতাহতি হয়। বিষয়টি মীমাংসার জন্য কলেজের তিন জন শিক্ষক মার্কেটে যান। সমঝোতা হয়ে ওঠার মুহূর্তে সাড়ে ১২টার দিকে কিছু ছাত্র মার্কেট লক্ষ করে ইট ছুড়লে সংঘর্ষ বেঁধে যায়।"
তিনি বলেন, "মার্কেটে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে- কলেজ ক্যাম্পাসে এ খবর ছড়িয়ে পড়লে ছাত্ররা জোট বেঁধে কর্ণফুলী গার্ডেন সিটির দিকে ছুটে যায়। দোকান-মালিক ও কর্মচারীরাও ভবনের ওপর থেকে ছাত্রদের লক্ষ করে ইট ছুড়তে থাকে।"
দুই পক্ষের ইট ছোড়াছুড়িতে ৪/৫টি গাড়ির কাচ ভেঙে গেলে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিপেটা করে দুই পক্ষকে হটিয়ে দেয়। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয় বলে পুলিশ জানায়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ আবু বকর চৌধুরী সাংবাদিকদের বলেন, "কয়েকজন ছাত্রের সঙ্গে ব্যবসায়ীদের হাতাহাতির কথা ছাত্ররা শিক্ষকদের জানায়। পরে কলেজের পক্ষ থেকে তিন জন শিক্ষক মীমাংসা করতে মার্কেটে যান। ওই সময় ব্যবসায়ী ও কর্মচারীরা তাদের অপমান করে। এতে বিক্ষুব্ধ ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হয়।"
ব্যবসায়ী-কর্মচারীদের ছোড়া ইটে অধ্যক্ষের কক্ষের কাঁচ ভেঙেছে জানিয়ে আবু বকর বলেন, "আমরা এ ঘটনায় মামলা দায়েরের চিন্তা করছি।"
একইসঙ্গে তিনি বলেন, "পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।"
মালিবাগ-কাকরাইল সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মগবাজার, মালিবাগ রেলগেট, রাজারবাগ থেকে শুরু করে পল্টন, মিন্টো রোড, সাতরাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/১৮৪৪ ঘ.
bdnews24